সড়কের এক পাশের প্রায় পুরোটাই দখল করে চলছে সবজির বেচাকেনা। দুই দিকের যান চলছে এক পাশ দিয়ে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আধা কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে প্রায় আধা ঘণ্টা।গত বুধবার বেলা ১১টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডের দৃশ্য এটি।যানবাহনের চালকেরা জানালেন, ওই মহাসড়কে নরসিংদীর বিভিন্ন স্থানে প্রতিদিনই তাঁরা এ সমস্যার সম্মুখীন হন।কয়েকজন বাসচালক বলেন, মহাসড়কের জায়গা দখল করে নরসিংদীর ছয়টি স্থানে বড় সবজির হাট বসে। সোম, বুধ ও শুক্রবার বারৈচা বাজার, শনি ও মঙ্গলবার নারায়ণপুর, রোববার জঙ্গলী শিবপুর, বুধবার জোশর, মঙ্গলবার সৃষ্টিগড় এবং সোমবারে কোন্দারপাড়ায় এ সবজির হাট বসে।ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের চালক তোফাজ্জল মিয়া বলেন, ‘কী আর কমু, বলার কিছু নাই। গাড়ির চাক্কা বন্ধ করে দেশ আগাইয়া নিব? সম্ভব না। হরতালে চাক্কা বন্ধ, যানজটে বন্ধ, সবজির জন্যও যদি চাক্কা বন্ধ রাখতে হয়, তাইলে দেশ চলব কেমনে?’বারৈচা বাজারে সবজি বিক্রি করতে আসা বেলাব উপজেলার বটিবন গ্রামের হায়দার মিয়া (৪৫) বলেন, ‘কী করুম, বাজারে জায়গা কম। তা ছাড়া পাইকারেরা চায়, আমরা যেন সড়কের মধ্যে বসি। এতে তাদের সুবিধা। আলাদা কুলির খরচ লাগে না। সড়কে রেখেই তারা মাল লোড করতে পারে।’নারায়ণপুর গ্রামের কৃষক সরাফত আলী (৫০) বলেন, ‘মিছা কথা কমু না, যাত্রীদের বড়ই অসুবিধা হয়। তবে আমরার রিক্সও কম না। এই ধরেন, একটা গাড়ি ব্রেক ফেইল কইরা আমরার ওপরে উঠে গেল। তখন বুঝেন অবস্থা।’ভৈরব বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, মহাসড়কের ওপর হাট বসায় নরসিংদীর প্রায় ৩০ কিলোমিটার পথ যানবাহনগুলোকে ধীরগতিতে যেতে হয়। কারণ, মহাসড়ক দিয়ে সারা দিনই সবজিবোঝাই অযান্ত্রিক ভ্যান চলাচল করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমেনা খাতুন বলেন, ‘মহাসড়কে সবজির হাটের বিড়ম্বনার ব্যাপারে সিলেট জোনের পরিবহন ব্যবসায়ীরা আমাদের কাছে প্রায়ই অভিযোগ করেন। প্রাথমিকভাবে সমস্যা সমাধানে প্রতি হাটের দিন বাজারগুলোয় ট্রাফিক পুলিশ মোতায়েন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’