পথে পথে সবজির হাট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গলী শিবপুর এলাকায় পথে বসেছে একটি হাট। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গলী শিবপুর এলাকায় পথে বসেছে একটি হাট। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

দেশের গুরুত্বপূর্ণ অন্য মহাসড়কগুলোর তুলনায় গাড়ির চাপ কম ঢাকা-সিলেট মহাসড়কে। মহাসড়কের অবস্থাও বেশি নাজুক নয়। তবে সড়কের বিভিন্ন স্থানে বসা হাট এ পথে যাতায়াতকারীদের ভোগান্তির বড় কারণ। আর ঈদের আগে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ভোগান্তির মাত্রাও বেড়েছে।
মহাসড়কের ওপর নরসংদীর অংশে পথে পথে দীর্ঘদিন ধরে বসছে সবজির হাট। আর এ অংশ পার হতে গিয়ে যানবাহনের চালক ও যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। ঈদ মৌসুমে এ সমস্যা আরও তীব্র হয়ে উঠলেও বরাবরের মতো প্রশাসন নীরব বলে অভিযোগ রয়েছে।
নরসিংদীর সবজির কদর এখন দেশজুড়ে। ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলার সবজির চাহিদার একাংশের জোগান আসে এ জেলা থেকে। আর নরসিংদীতে উৎপাদিত এসব সবজি নারায়ণপুর, বারৈচা, মরজাল, জঙ্গলী শিবপুর, কামারটেক, চৈতন্য, সৃষ্টিগড় এবং কোন্দালপাড়া এলাকায় মহাসড়কের ওপর রেখেই বেচাকেনা হচ্ছে। এই আটটি হাটবাজারের অবস্থান নরসিংদীর ইটাখোলা থেকে নারায়ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের প্রায় ২৭ কিলোমিটারের মধ্যে। এই ২৭ কিলোমিটারে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
সোম, বুধ এবং শুক্রবার হাট বসছে বারৈচায়। জঙ্গলী শিবপুরে রোববার ও বৃহস্পতিবার, নারায়ণপুরে শনি ও মঙ্গলবার, সৃষ্টিগড়ে মঙ্গলবার এবং কোন্দালপাড়ায় বসছে সোম ও শুক্রবার। মরজাল, কামারটেক এবং চৈতন্য এলাকায় বর্তমানে সপ্তাহের প্রতিদিনই বসছে সবজির সঙ্গে কাঁঠাল ও লটকনের বিশাল বাজার।
১৯ জুলাই সকালে সরেজমিনে দেখা গেছে, মরজাল ও কামারটেক এলাকায় মহাসড়কের ওপর সবজি, কাঁঠাল এবং লটকন বেচাকেনা চলছে। ওই স্থানে দুই পাশের যানবাহন ধীরগতিতে চলছে এক পাশ দিয়ে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি বাসের চালক জিয়ারত উল্লাহ বলেন, ঢাকার যানজটের সঙ্গে যুদ্ধ করে নরসিংদীতে এসে আবার একই সমস্যায় পড়তে হচ্ছে। আধা ঘণ্টার সড়ক এখন এক ঘণ্টার আগে পার হওয়া যাচ্ছে না। ঈদ যত এগিয়ে আসছে, এ বিড়ম্বনা আরও বাড়ছে।
এত জায়গা থাকতে কেন সড়কের ওপর বাজার—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কথা হয় একাধিক চাষি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে। তাঁরা বলেন, চাইলেই বিকল্প জায়গায় সবজির বাজার গড়ে তোলা সম্ভব। কিন্তু সড়কের ওপর বসা হাটবাজারগুলো ব্যাপক পরিচিতি পাওয়ায় বিকল্প কোনো স্থানে বিক্রি কম হওয়ার আশঙ্কা করেন বিক্রেতারা। তাই তাঁরা অন্য স্থানে যেতে চান না।
এ ছাড়া অনেক দিন ধরে মহাসড়কের ওপর নির্বিঘ্নে বেচাকেনা করতে পারায় অনেকেই এসব হাটবাজারে আসতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কামারটেক এলাকায় মহাসড়কের ওপর কাঁঠাল বিক্রি করতে এসেছেন কামারটেক এলাকার চাষি সোহেল মিয়া। তিনি বলেন, ‘রাস্তার ওপর বইতে বইতে অভ্যাস হইয়া গেছে।’
মরজাল এলাকায় গিয়ে দেখা গেল একই চিত্র। সেখানে কথা হয় মরজাল বাজার বণিক সমিতির সভাপতি রহিম উদ্দিনের সঙ্গে। যানজট ও ভোগান্তির কারণে তাঁর কোনো অনুশোচনা হয় কি না—জানতে চাইলে তিনি কিছুক্ষণ চুপ থাকেন। তারপর বলেন, ‘জমি থেকে ভ্যানগাড়িতে করে এনে ভ্যানগাড়িতে রেখেই বেচে দেওয়া—এমন সুবিধা রেখে কে যাইব অন্য জায়গায়।’
সেখানে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আয়ুব আলী হাটবাজারের কারণে ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘আমি এই মুহূর্তে ভিআইপি ডিউটি করতে সড়কে আছি। সবজি তো আমাদেরও ঝামেলা করে। ভিআইপি পাস দিতে সমস্যায় ফেলে।’
জানতে চাইলে নরসিংদীর অরিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় এবার ঈদের তিন দিন আগে থেকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সড়কে রাখার সিদ্ধান্ত হয়েছে। সড়কের ওপর সবজি নিয়ে বসলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে আলোচনা চলছে।