
স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করা হলো না কবির হোসেনের। এর আগেই চোখের সামনে স্ত্রী ও দুই সন্তানের মর্মন্তুদ মৃত্যু দেখতে হলো তাঁকে। বাড়ি ফিরলেন স্ত্রী-সন্তানদের লাশ নিয়ে। মুহূর্তেই ঈদের আনন্দ উবে গেল বুকফাটা আর্তনাদে।
ঈদের দিন গত মঙ্গলবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে কবির হোসেনের স্ত্রী ও দুই সন্তান ছাড়া আরও তিনজন মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন।
শুধু কবির হোসেনই নন, ঈদুল ফিতরের তিন দিনের ছুটিতে সড়ক দুর্ঘটনায় স্বজনহারা হয়েছেন আরও অনেকে। হাত-পা ভেঙে কিংবা জখম হয়ে হাসপাতালে শয্যাশায়ী কয়েক শ মানুষ। তাঁদের কেউ কেউ এখন মৃত্যুপথযাত্রীও।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের হিসাবে গত চার দিনে ২২টি জেলায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬৪ জন। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের এক সার্জেন্ট, তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হওয়ার সংখ্যাও প্রায় ৪০০।
ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: সোনাইমুড়ীতে নিহত ব্যক্তিরা হলেন রামগঞ্জের জয়দেবপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী শিরিন আক্তার (২৮), ছেলে মো. শাহেদ (১০) ও মেয়ে কোহিনুর বেগম (৪)। এ ছাড়া নিহত অপর তিনজন হলেন চিলকা গ্রামের নুরুল হক (৪৫), চাটখিলের কাঁকড়াপাড়া গ্রামের আজহার উদ্দিন (৫৬) ও বেগমগঞ্জের কুতুবপুর গ্রামের মো. খোকন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বলাকা পরিবহনের একটি বাস রামগঞ্জের উদ্দেশে রওনা হয়। ভোর চারটার দিকে বাসটি সোনাইমুড়ীর জয়াগ কলেজের সামনে পৌঁছালে হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। সন্ধ্যায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে সিএনজি স্টেশনে যাওয়ার পথে জালকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চার আরোহী মিন্টু, আবদুল্লাহ, সাদ্দাম ও সুমন মারা যান। গুরুতর আহত অপর আরোহী রাকিবকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে আড়াইহাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে কিশোরগঞ্জের অষ্টগ্রামের হোসেন মিয়ার শিশুপুত্র শাহীন (২) ও মিঠাইন গ্রামের বকুল মিয়ার ছয় মাসের মেয়ে নাসিমার মৃত্যু হয়।
ফরিদপুর: ভাঙ্গার মালিগ্রাম এলাকায় মঙ্গলবার সকালে কাওড়াকান্দি ঘাট থেকে টেকেরহাটগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি এবং চারজন প্রাণ হারান। তাঁরা হলেন আল-আমিন (২২), মো. তরিকুল ইসলাম (১৮), শামীম সিকদার (২৮) ও মো. শিমুল (৪০)। এদিকে প্রায় একই সময় ভাঙ্গার বাবলাতলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী মো. জাহিদুল (২৮) নিহত হন।
ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় সোমবার মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ হারান শুকুর খাঁ (৩৬) নামের এক চাল ব্যবসায়ী।
ভোলা: চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসা ভোলা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঈদের দিন সকালে ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কের লালমোহন উপজেলার কর্তারহাটসংলগ্ন পশ্চিম পাশে একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন, হেলাল উদ্দিন, আলাউদ্দিন ও মো. বেলাল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোম ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাগুলো নিশ্চিত করেছে। নিহতরা হলেন কামাল উদ্দীন (৪৩), মো. নুরুল কবির (৩৫) ও মো. রাজু (৩৬)। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের অতিলবাড়ি নামক স্থানে বুধবার ভোররাতে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দাদি-নাতনিসহ চারজন প্রাণ হারান। তাঁরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দত্তগ্রামের প্রতিভা চক্রবর্তী (৫৫) ও তাঁর নাতনি অনামিকা চক্রবর্তী (৭) এবং আবদুল মকিত (৫৫) ও সমুজ মিয়া (৬০)।
গৌরনদী (বরিশাল): গৌরনদী-পয়সারহাট সড়কের গৈলা বাইপাস এলাকায় ঈদের দিন সন্ধ্যায় মোটরসাইকেলচাপায় অমীয় বালা মণ্ডল (৭৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এদিকে রোববার রাতে ভূরঘাটা এলাকায় কাওড়াকান্দি থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মণ্ডল শেখ মারা যান। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান সৈয়দ রনি নামের এক বাসযাত্রী।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ মোড়ে বুধবার দুপুরে অটোবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অটোবাইকের দুই যাত্রী উজ্জ্বল মিয়া (১৬) ও শাহিন আলম (৩০) মারা যান। একই দিন উল্লাপাড়া-মোহনপুর সড়কের কয়ড়া বাজার এলাকায় অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মারা যান সিদ্দিক হোসেন (৫৫)। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর সড়কে কালীগঞ্জের দুলালমুন্দিয়ায় গতকাল দুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম বিল্লাহ (৪০) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির জেলা সভাপতি মো. নাছির উদ্দিনসহ আরও দুজন। মাসুম বিল্লাহ ছিলেন সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক।
পঞ্চগড়: আটোয়ারী উপজেলার পানবাড়া গ্রামের একদল যুবক ঈদের দিন দুপুরে একটি পিকআপ ভ্যান নিয়ে দিনাজপুরের স্বপ্নপুরী ভ্রমণে যান। গভীর রাতে ফেরার পথে পিকআপ ভ্যানটিকে ঠাকুরগাঁওয়ের ছোট খোঁচাবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ ভ্যানের দুই যাত্রী হামিদুল ইসলাম (২৮) ও হারুন অর রশিদ (২৫)।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর মান্দায় বুধবার সকালে একটি ভটভটি উল্টে গিয়ে আয়েজ উদ্দীন (৭৫) এবং সতিহাট সাতবাড়িয়া মোড়ে ভটভটি থেকে পড়ে গিয়ে জাহেরা খাতুন (৭২) নামের দুই ব্যক্তি মারা গেছেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ৩০ মাইল গৌরীপুর কুমিল্লাহাড়ি এলাকায় বুধবার ভোররাতে নৈশকোচের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে গিয়ে পিকআপের দুই যাত্রীর মুত্যু হয়েছে। তাঁরা হলেন হামিদুল ইসলাম (৩২) ও মো. হারুন উর রশীদ (২২)।
মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়ায় সোমবার দুপুরে উত্তরাঞ্চলগামী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সামনের ট্রাকের দুই আরোহী মহাসড়কে পড়ে গিয়ে মারা যান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি যোবাইদুল আলম জানান, নিহতদের পরিচয় না পাওয়ায় তাঁদের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
মুন্সিগঞ্জ: সদর উপজেলার রনছ্ রুহিতপুর এলাকায় গতকাল দুপুরে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে মোরসাইকেলচালক হিমেল (২২) নিহত ও আরোহী বাবু (২৩) গুরুতর আহত হন। বাবুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকায় সোমবার দুপুরে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান থেকে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পানজু মিয়া (৪০) ও ফরিদপুরের ভাঙ্গার দুলাল (৪২)।
মাগুরা: ঈদের জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না সোহেল রানার (২২)। পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল তাঁর। মাগুরা পৌরসভার ছোটফালিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সোহেল। তিনি মাগুরা শহরে ঈদের কেনাকাটা শেষে সোমবার রাত পৌনে নয়টার দিকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ছোট ব্রিজ এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এতে সোহেলসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে সোহেলের মৃত্যু হয়।
নীলফামারী: ঈদের দিন দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৈলাশ চন্দ্র রায় (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নীলফামারী-ডোমার সড়কের হরতকীতলায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কৈলাশ নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে।
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা-চান্দগ্রাম সড়কের উত্তর লঘাটি এলাকায় গতকাল দুপুরে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় রায়না বেগম (৪০) নামের এক অটোরিকশার যাত্রী মারা গেছেন। তিনি বড়লেখার কাঞ্চনপুর গ্রামের ছালা মিয়ার স্ত্রী।
দাউদকান্দি (কুমিল্লা): ঈদের দিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগরে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরুড়া উপজেলার গালিমপুর গ্রামের পরিবহন ব্যবসায়ী আশীষ মজুমদার (৪৫) মারা যান। গুরুতর আহত তাঁর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ পাঁচজনকে পাঠানো হয়েছে ঢাকায়।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুরের কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে সোমবার দুপুরে অটোরিকশার চাপায় জালু মিয়া (৫৫) নামের এক পথচারী গুরুতর আহত হন। ঈদের দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার রাতে অটোরিকশার ধাক্কায় মিন্নত আলী (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হন। তিনি সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী ছিলেন।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফের সাবরাং ইউনিয়নের রুহল্লারডেপা নামক এলাকায় সোমবার সকালে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত শাহ আলম নামের এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
পাবনা: সদর উপজেলার সড়াডাঙ্গী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বুধবার দুপুরে মোটরসাইকেল চাপায় মোকছেদ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ইউনুচ আলী (২৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত ৩০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।