পথে প্রাণ গেল চারজনের

ঢাকা ও চট্টগ্রামে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
সোমবার রাতে ঢাকার অদূরে সাভারে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এঁরা হলেন, নাহিদুজ্জামান (৩৩) ও ইউনুস মিয়া (৩১)। দুজনই শাহ সিমেন্ট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাহিদুজ্জামানের বন্ধু সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাহিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে আর ইউনূসের বাড়ি সাতক্ষীরায়।
সাভার মডেল থানার পুলিশ বলছে, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকার দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী রাজ ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার প্রথম আলোকে বলেন, ট্রাকের ধাক্কায় ছিটকে ফায়ার সার্ভিসের গাড়ির নিচে ঢুকে যায় তাঁদের দেহ। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
চট্টগ্রামে দুজন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল (৪৫)। সোমবার দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় লেগুনা ও কাভার্ডভ্যানের সংঘর্ষের শিকার তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী শাহেদ আজাদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দিলে ওই লেগুনার ভেতরে থাকা আমিনুর রসুল ছিটকে রাস্তায় পড়ে গেলে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক এইচএসসি পরীক্ষার্থী। তাঁর নাম হৃদয় দাশ (১৮)। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন, এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সোহেল (১৯) ও মোবারক হোসেন রবিন(১৮) এবং অটোরিকশা চালক জামাল উদ্দীন (২২)।