পথে বসেছেন ৪৭ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪৭ জন বেকার তরুণ এখন পথে বসেছেন। চাকরির জন্য ওই তরুণেরা একটি নিরাপত্তা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা দিয়েছিলেন। ওই প্রতিষ্ঠানের লোকেরা অফিস বন্ধ করে গা-ঢাকা দেওয়ায় তরুণেরা এখন দিশেহারা।কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের বেকার যুবক আবদুর রহিম (২০) জানান, সেতু সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের পরিচালক পরিচয়দানকারী ব্যক্তি মো. আবদুর রহমানের সঙ্গে তাঁর কথা হয়। তিনি ওই যুবককে ঢাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনের নিরাপত্তা কর্মীর চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু এ জন্য প্রশিক্ষণের কথা বলে তাঁর কাছে ৩৫ হাজার টাকা চাওয়া হয়। ভিটের জমি বিক্রি করে চাকরির জন্য তিন মাস আগে নিয়োগকর্তাকে তিনি ওই টাকা পরিশোধ করেন। কিন্তু তাঁকে চাকরি দেওয়া হয়নি। একইভাবে ওই ইউনিয়নের ৪৭ জন যুবকের কাছ থেকে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জামানতের নামে টাকা আদায় করেন সেতু সিকিউরিটি সার্ভিসেসের লোকেরা। গরিব পরিবারের ওই যুবকেরা জমি বিক্রি করে চাকরির জন্য টাকা দিয়ে এখন খুঁজে বেড়াচ্ছেন নিয়োগকর্তাদের।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর শহরের কাজীহাট মহল্লার মোল্লা রোডে নিয়োগ-প্রতিষ্ঠানের স্থানীয় শাখা অফিসটি বন্ধ ছিল। ওই অফিসে এক সপ্তাহ ধরে তালা ঝুলছে বলে জানান এলাকাবাসী। এ অবস্থায় যুবকেরা লিখিত অভিযোগ নিয়ে কামারপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিকো আহমেদের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান জিকো আহমেদ জানান, সেতু সিকিউরিটির লোকদের খোঁজ করা হচ্ছে। গরিব বেকার যুবকদের টাকা আত্মসাৎ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।এদিকে সেতু সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের স্থানীয় অফিসে তালা ঝুললেও এর পরিচালক আবদুর রহমানকে পাওয়া যায় মুঠোফোনে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো টাকা আত্মসাৎ করিনি। আর ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। সিকিউরিটির চাকরিতে প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাই প্রশিক্ষণ বাবদ যুবকদের কাছে কিছু টাকা নেওয়া হয়েছে।’ সময়মতো তাঁদের চাকরিতে পাঠানো হবে বলে জানান তিনি।