পথেই ১৪ বস্তা গায়েব!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা (ভিজিএফ) চালের ১৪ বস্তা পথেই গায়েব হয়ে গেছে। গত বুধবার দৌলতপুর উপজেলা খাদ্যগুদাম থেকে চালগুলো ১০ কিলোমিটার দূরের খলিশাকুণ্ডি ইউনিয়ন পরিষদে আনার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।সংশ্লিষ্ট ইউপি সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের দুস্থ পরিবারগুলোর মধ্যে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার এ চাল নিজ নিজ ইউপি কার্যালয়ের প্রতিনিধিরা তুলে নেন। খলিশাকুণ্ডি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কোরবান আলী ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুল ইসলাম তাঁদের ইউনিয়নের জন্য বরাদ্দ ২২০ বস্তা চাল নিয়ে দুপুরের পর ইউপি কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। এ দুজনই পথে ১৪ বস্তা চাল গায়েব করেছেন বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে তদন্তে আসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বী মুঠোফোনে বলেন, ইউপি কার্যালয়ে পৌঁছার পর ২০৬ বস্তা চাল পাওয়া গেছে। বাকি ১৪ বস্তা চালের ব্যাপারে ওই দুজন ইউপি সদস্য কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।এ ব্যাপারে জানতে আনারুল ইসলামের মুঠোফোনে যোগযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। কোরবান আলী বুধবার বলেন, ‘একটু পরে এ ব্যাপারে কথা বলছি।’ এরপর তিনি আর ফোন ধরেননি।ইউএনও (ভারপ্রাপ্ত) ইকবাল আকতার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।