পথের ওপর কাঁচাবাজার

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের আগে পলিটেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রিন্সিপাল আবুল কাশেম সড়কটির দুপাশেই গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, বাজার। সংশ্লিষ্ট থানার লোকজন বলছেন, উচ্ছেদ করলেও কয়েক দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যায়। দোকানদারদের দাবি, সংশ্লিষ্টদের নিয়মিত মাসোহারা দিয়েই তাঁরা ব্যবসা করছেন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, টেকনিক্যাল মোড়ের এশিয়া সিনেমা হলের সামনে থেকেই বাঁশ-কাঠ দিয়ে দোকান তোলা হয়েছে। ওপরে প্লাস্টিকের ছাউনি দেওয়া। আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ছাপিয়ে রাস্তার ওপর পর্যন্ত বিস্তৃত হয়েছে কাঁচাবাজার। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বসে এই বাজার। তবে ফুটপাতের দোকানগুলো সারা দিনই থাকে।
আনসার ক্যাম্পের এ বাজারটি আগে টোলারবাগ আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে বসত। কিন্তু তার ঠিক বিপরীতেই র্যা ব-৪-এর প্রধান দপ্তর। র্যা ব স্থায়ীভাবে সেখান থেকে দোকানগুলো তুলে দেয়। ফলে কিছুটা সামনে এগিয়ে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে এখন বাজারটি বসে।
আনসার ক্যাম্প এলাকায় ফুটপাতের ওপর দোকান দিয়ে বসেছেন মো. রানা। বললেন, ‘কিছুদিন পরপর পুলিশ এসে কয়েকটা দোকান তুলে দেয়। কিন্তু সেদিন আর দোকান না বসলেও পরদিন থেকেই আবার আগের অবস্থা হয়ে যায়। সংসারে মানুষ পাঁচজন, বাধ্য হয়েই এখানে দোকান নিয়ে বসি।’
মিরপুর বাঙলা কলেজ, টোলারবাগ আবাসিক এলাকা, সরকারি এ-টাইপ কলোনি, ওয়াক-আপ কলোনি, দক্ষিণ বিশিল বাসস্ট্যান্ড এলাকা—সব মিলিয়ে এমন শতাধিক দোকান আছে। আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা হাকিম আলী বলেন, দোকান বসে বলেই তো লোকজন কিনতে আসে, না থাকলে আসবে না। কাঁচাবাজারের ফলে পুরো এলাকা নোংরা হয়ে গেছে। বৃষ্টির মৌসুমে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। রাস্তায় যাতে দোকান বসতে না পারে, তার স্থায়ী ব্যবস্থা করা দরকার।
ফুটপাতে দোকান গড়ে তোলা অন্তত ১০ জন দোকানি দাবি করেন, ‘পুলিশের লোকজন দোকান করার বিষয়ে জানেন এবং তাদেরকে দৈনিক ভিত্তিতে টাকা দিতে হয়।’
দারুস সালাম থানার টহল পরিদর্শক মাহফুজুল হক বলেন, ‘পুলিশ টাকা নেয় বললেই মনে হয় আমার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু থানায় তো আমি একা পুলিশ নই। কেউ টাকা নেয় কি না, তা আমার জানা নেই। দোকানগুলো বারবার উঠিয়ে দিচ্ছি। এবার স্থায়ীভাবে তুলে দেওয়া হবে।’