পথের কাঁটা গাছের গোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে গাছের গোড়া ও শিকড়। প্রায় দেড় মাস আগে গাছ কাটা হলেও এখনো এর গোড়া অপসারণ করেনি কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়ে পথ চলছে মানুষ ও যানবাহন l ছবি: প্রথম আলো
রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে গাছের গোড়া ও শিকড়। প্রায় দেড় মাস আগে গাছ কাটা হলেও এখনো এর গোড়া অপসারণ করেনি কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়ে পথ চলছে মানুষ ও যানবাহন l ছবি: প্রথম আলো

সিলেট নগরের রিকাবিবাজার মোড় থেকে মীরের ময়দান পর্যন্ত সড়ককে ‘ভিআইপি’তে রূপান্তর করতে একসঙ্গে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছিল। গত ১২ আগস্ট থেকে চার দিনে কেটে নেওয়া এসব গাছের গোড়া প্রায় দেড় মাসেও অপসারণ করা হয়নি। এগুলো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য।
সিলেট সিটি করপোরেশন পৌরসভা থাকাকালে ১৯৯৮ সালে ওই সড়কে সহস্রাধিক গাছ লাগানো হয়েছিল। এ জন্য ১৯৯৯ সালের বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পুরস্কার পেয়েছিল পৌরসভা। সড়ক বর্ধিত করতে সিটি করপোরেশন ১৫১টি গাছ কাটার নিলাম বিজ্ঞপ্তি দিলে গত বছরের ৯ নভেম্বর প্রথম আলোয় ‘সেই গাছগুলো এখন পথের কাঁটা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এ সময় পরিবেশবাদীরা তৎকালীন মেয়রের কাছে সড়কে ‘বৃক্ষ লেন’ স্থাপনের দাবি তুলেছিলেন।
প্রায় এক বছরের মাথায় ১২ আগস্ট গাছগুলো কাটা শুরু হলে পরের দিন প্রথম আলোয় ‘কেটেই ফেলা হচ্ছে গাছগুলো’ শিরোনামে আরেকটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। তখনো বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) একই দাবি জানিয়েছিল সিটি করপোরেশনকে। ৩ সেপ্টেম্বর সড়ক বর্ধিতকরণ প্রকল্পকাজের উদ্বোধন করার সময় অর্থমন্ত্রী বলেছিলেন, বাধ্য হয়ে গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্ত হয়ে গেলে এর দুই পাশে গাছ লাগানো হবে। এ ছাড়া সড়ক বিভাজকেও গাছ লাগানো হবে।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ১৮ ফুট চওড়া সড়কটির উভয় পাশে ১২ ফুট করে বাড়ানো হবে। দুই পাশেই থাকবে ফুটপাত লেন। পাশাপাশি সড়ক বিভাজকও রাখা হবে। প্রায় দুই কোটি টাকায় এ প্রকল্প বাস্তবায়নের শুরুতে সড়কের প্রায় ৫০০ মিটার অংশে দুই পাশে থাকা গাছগুলো কাটা হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রকল্পকাজের শুরুতে গাছ কাটা হলেও গাছের গোড়াগুলো অপসারণ করা হয়নি। এর মধ্যে বড় আকারের গাছের গোড়ার দুই দিকে মাটি খুঁড়ে রাখা হয়েছে। কোনোটি অর্ধেক ওপড়ানো। এতে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে গর্তের আকার ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাছের গোড়া অপসারিত না হওয়ায় ব্যস্ত এ সড়কে দিন-রাত যানজট লেগে থাকে। তখন পথচারীরাও ভোগান্তিতে পড়ে।

দরগাহ মহল্লার বাসিন্দা মাহবুবুল হক বলেন, সড়ক বাড়ানোর স্বার্থে গাছগুলো পথের কাঁটা বলে কেটে ফেলেছিল সিটি করপোরেশন। এখন কেটে ফেলা গাছের গোড়াই সত্যিকার অর্থে পথের কাঁটায় রূপ নিয়েছে। সেদিকে কারও নজর নেই।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, গাছ কাটার পরপরই টানা বৃষ্টির কারণে গোড়া অপসারণে বিলম্ব হচ্ছে। মানুষের ভোগান্তির বিষয়টি জানিয়ে দ্রুত গোড়া অপসারণে প্রকল্প-সংশ্লিষ্টদের বলা হয়েছে। বৃষ্টি থামলেই কাজ শেষ হবে।