টিএসসি থেকে দোয়েল চত্বর সড়কটির টুঁটি চেপে ধরেছে লোটা-বাটি থেকে নকল বই, হরেক পণ্যের পসরা। তার ভেতর দিয়ে বহু কসরত করে গা বাঁচিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রন্থানুরাগীদের। গতকাল আবার বোঝার ওপর শাকের আঁটির মতো চেপে বসল যানবাহনের ঠেলা-ধাক্কা। এত দিন বিকেল থেকে এই পথে যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়েছিল। অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে চলছে ঐতিহ্যবাহী আলপনা আঁকার প্রস্তুতি। ফলে সেই পথ বন্ধ করে দিয়ে বাংলা একাডেমির সামনের পথটি খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। পরিণতি যা হওয়ার তা-ই। পুরো পথটি বাস, ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মোটরসাইকেলের জটলায় স্থবির।
সামনেই অমর একুশে। বরাবরই এ রকম সময়ে কর্মদিবসগুলোতেও মেলায় মানুষের ঢল নামে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বিক্রেতারা বেশ খুশি। সপ্তাহের মাঝখানে আচমকা বৃষ্টিতে মন্দা পড়েছিল, তা কেটেছে। মেলার এই শেষ দিনগুলোতে প্রকৃত পাঠকেরাই আসেন। নতুন বইয়ের তালিকা দেখে তাঁরা পছন্দের বই কেনেন। আবহাওয়া বিরূপ না হলে জায়গা বদল হওয়া সত্ত্বেও ভালোই হবে মেলা।
মেলার একাডেমি অংশও গতকাল ছিল জনপূর্ণ। বটতলায় নজরুল মঞ্চে মোড়ক উন্মোচনের জমজমাট আয়োজন। ভাষাশহীদদের ভাস্কর্যের সামনে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের নতুন বই নিয়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। এখানে শিশুদের বইয়ের স্টল। বাবা-মায়ের সঙ্গে ভিড় জমিয়েছে খুদে পাঠকেরা। ওদিকে বহেড়াতলায় ছোট পত্রিকা কর্নারেও নবীন লেখকদের সমাগম। সব মিলিয়ে বেশ প্রাণবন্ত পরিবেশ। এখানেই কথা হলো ছড়াকার লুৎফর রহমান রিটনের সঙ্গে। লেখক কুঞ্জ করা হয়েছে এবার মেলার সোহরাওয়ার্দী অংশে। তিনি মন্তব্য করলেন ‘মেলা সম্প্রসারিত হওয়ায় দুই অংশেই বেশ খোলামেলা পরিসরের সৃষ্টি হয়েছে। তবে এমন এক জায়গায় লেখক কুঞ্জ করা হয়েছে যে হাস্যকর মনে হয়।’ কাজেই সেখানে লেখক-পাঠক কারোরই তেমন যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না। রিটন জানালেন, এবার মেলায় তাঁর চারটি বই এসেছে। এর মধ্যে অনার্য থেকে ভূতের সঙ্গে দেখা নামে একটি শিশুতোষ গল্প ও ছড়া জয় বাংলার ছড়া, জয় মুজিবের ছড়া।
আকাশভরা সূর্যতারা
প্রথমা প্রকাশনের স্টলে গতকাল নতুন এসেছে মতিউর রহমানের আকাশভরা সূর্যতারা কবিতা-গান-শিল্পের ঝরনাধারায়। ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথে তিনি রাজনীতি ও সাংস্কৃতিক কর্মযজ্ঞে সংশ্লিষ্ট থেকেছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিংবদন্তিসম যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়েছিলেন বইটিতে তাঁদের কথাই তুলে ধরেছেন। এসেছে তৎকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বিশ্লেষণ। এ ছাড়া গতকাল মুহাম্মদ হাবিবুর রহমানের যার যা ধর্ম ও পুরোনো বইয়ের মধ্যে একাত্তরের চিঠি ভালো বিক্রি হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে কিশোর আলোর সর্বশেষ সংখ্যাটিও।
মোড়ক উন্মোচন ও নতুন বই
নজরুল মঞ্চে গতকাল ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং তাঁদের রাজনৈতিক দর্শনের উদ্ধৃতি ও নানা তথ্যসংবলিত ২০টি পোস্টকার্ডের একটি ‘পোস্টকার্ড বক্স’ প্রকাশনা ছিল যুব জাগরণের স্টলে। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গতকাল প্রকাশিত নতুন বইয়ের তালিকায় নাম ছিল ১২৪টি। এর মধ্যে জয়তী থেকে এসেছে অসীম সাহার প্রবন্ধ সংস্কৃতি রূপে অরূপে, দাউদ হায়দারের কবিতা বিলম্বের দেরি হলো কেন, মুক্তধারা থেকে আবুল মনসুরের শিল্পকলাবিষয়ক প্রবন্ধ শিল্পী দর্শক সমালোচক, নান্দনিক থেকে সৈয়দ শামসুল হকের প্রবন্ধ হূৎকলমের টানে, বর্ষাদুপুর থেকে তাঁর অনূদিত উর্দু গজল গোলাপের বনে দীর্ঘশ্বাস, সাহিত্য থেকে আসাদুজ্জামানের রাজনীতিবিষয়ক ভারত রাষ্ট্র বনাম মাওবাদী, অণীক মাহমুদের প্রবন্ধ সাহিত্যে সাম্যবাদ থেকে মুক্তিযুদ্ধ, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে অমলেন্দু দের ইতিহাসবিষয়ক সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে, রামেন্দু চৌধুরীর নারীবিষয়ক গবেষণা রামায়ণের নারীগণ, বিজয় প্রকাশ থেকে বশীর আল-হেলালের শিশুতোষ কান্ডারী, হাক্কানী পাবলিশার্স থেকে এইচ টি ইমামের মুক্তিযুদ্ধবিষয়ক বাংলাদেশ সরকার-১৯৭১-১৯৭৫। এ ছাড়া এবার আরও বইয়ের মধ্যে আছে শব্দশৈলী থেকে দন্ত্যস রওশনের দ্বিভাষিক অণুকাব্য একাই ১০০, চন্দ্রছাপ থেকে অমল কুমার বর্মণের কবিতা কবি যদি কাঁদে, শুভ্র প্রকাশ থেকে এ এস রিপনের উপন্যাস অচেনা ভুবন, শুদ্ধস্বর থেকে পিয়াস মজিদের কবিতা নাচপ্রতিমার লাশ ইত্যাদি।
মেলামঞ্চে
গতকাল মেলামঞ্চে ছিল ‘আন্তর্জাতিক পর্যায়ে নজরুল চর্চা প্রসঙ্গে’বিষয়ক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশ নেন রশীদ হায়দার, মাহবুবুল হক ও গুলশান আরা কাজী। সভাপতিত্ব করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।