পথের দিশারি তাঁরা
রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংগীত বিদ্যায়তনের প্রধান মিলনায়তন আজ উজ্জ্বল হয়ে উঠেছিল নিজ নিজ ক্ষেত্রে সফল নারীদের উপস্থিতিতে। প্রথম আলোর আমন্ত্রণে একসঙ্গে একটি বিকেল কাটিয়ে নিজেদের সাফল্যের আলোয় অন্যদের আলোকিত ও অনুপ্রাণিত করলেন তাঁরা।
আজ বুধবার বিকেলে ছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজন ‘প্রগতিকে দাও গতি’। অন্যের জন্য অনুপ্রেরণার কাজ করা নারীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এ আয়োজনের লক্ষ্য। শুরুতেই মঞ্চে আসে রাঙামাটির তিসা দেওয়ান। কিছুদিন আগে তাহসানের ‘আলো আলো’ গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা পায় সে। গিটার বাজিয়ে মঞ্চে ‘আলো আলো’ ও ‘ধনধান্য পুষ্পভরা’ গান দুটি গেয়ে শোনায় এই কিশোরী।
অনুষ্ঠানে এসেছিলেন রাঙামাটির কণ্ঠশিল্পী তিসা দেওয়ান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রথম নারী কনটিনজেন্ট কমান্ডার কর্নেল নাজমা বেগম, মাইক্রোসফটের শুভেচ্ছাদূত ফাতেমা বেগম, টেকনাফের বন রক্ষাকারী খুরশিদা বেগম, প্রথম পেশাদার নারী গলফার অরণি, ফুটবল কোচ ও রেফারি জয়া চাকমা, অ্যাসিড-সন্ত্রাসে দৃষ্টি হারানো শিক্ষার্থী মাসুদা আক্তার। বিভিন্ন সময় এই নারীদের পথচলার প্রেরণাসঞ্চারী ফিচার ও খবর পাঠকদের সামনে তুলে ধরেছে দৈনিক প্রথম আলো, যা মানুষকে উজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে এসেছিলেন নারীনেত্রী সেলিনা খালেক, সালমা খান, শিরিন হক, মালেকা বেগম, সংগঠক মালেকা খান, কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেন্ডার বিশেষজ্ঞ মাহমুদা রহমান খান, যোগাযোগ বিশেষজ্ঞ লিন্ডা দাশ কামার, সাংবাদিক দিল মনোয়ারা মনু, মিথিলা ফারজানা, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, নকশাকার মাহিন খান, তাহসিনা শাহিন, আলোকচিত্রী তাসলিমা আক্তার, সচিব আকতারি মমতাজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভিন মাহমুদ, বৈমানিক ফারিয়াল আহমেদ, পুষ্টিবিদ আক্তারুন্নাহার আলো, শামসুন্নাহার নাহিদ, অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী, লেখক-চিকিৎসক তানজিনা হোসেন, অভিনেত্রী ঈশিতা, লাঠি খেলোয়াড় রুপন্তি চৌধুরী, সংগীতশিল্পী কোনাল প্রমুখ।
বাংলার নারীরা যখন এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে, তখন মর্মাহত করে বাল্যবিবাহের উচ্চ হারের খবর। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সমাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নারী যখন নেতৃত্ব দিচ্ছে, সে সময়ে বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। দেশের গণপরিবহনে বিপুলসংখ্যক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারীদের সঙ্গে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিরুদ্ধে সজাগ থাকবে প্রথম আলো। সন্ত্রাসী হামলার শিকার সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের প্রতি সমবেদনা জানান মতিউর রহমান। তিনি মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের ওয়াঙ্গারি মাথাই পুরস্কারপ্রাপ্ত টেকনাফের কেরনতলির বন রক্ষাকারী খুরশিদা বেগমকে। তাঁর সংগ্রাম ও নিসর্গের জন্য অবদান নিয়ে তানহা জাফরিনের তৈরি প্রামাণ্যচিত্র ‘বনমায়া’ দেখানো হয় বড় পর্দায়।
বক্তৃতার ফাঁকে ফাঁকে ছিল গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রুমঝুম রুমুঝুম কে বাজায়’, রাধারমণ দত্তের ‘ভ্রমর কইয়ো গিয়া’ ও নিজের ‘বৃষ্টি’ গানটি গেয়ে শোনান আরমিন মুসা ও তাঁর দল। এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একটি দল গেয়ে শোনায় চিরকুটের ‘আহা রে জীবন’ ও ‘না জানি দুনিয়া’ গান দুটি।
আজকের অনুষ্ঠানে টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ ও হত্যার শিকার রূপার ভাই ও বোন এসেছিলেন। তাঁদের সাহস জোগাতে আমন্ত্রণ জানানো হয়েছিল এ অনুষ্ঠানে।
অনুপ্রেরণাদায়ী নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।