পথের ধারে দাঁতের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্কড়ঝক্কড় একটি বাইসাইকেল। ক্যারিয়ারে দুটি ব্যাগ। তাতে পলিথিনে মোড়ানো কিছু ওষুধ ও চিকিৎসার নানা যন্ত্রপাতি। এটা ভ্রাম্যমাণ ‘দন্ত ক্লিনিক’। আর রুবেল মিয়া ওই ক্লিনিকের চিকিৎসক। যখন যেখানে ইচ্ছে প্যাডেল মেরে চলে যান তিনি। ডাক পেলে পথেই পসরা সাজিয়ে চিকিৎসা শেষ করে ছোটেন অন্য গন্তব্যে।
সম্প্রতি রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মস্তানিবাজারের সার-কীটনাশকের একটি দোকানের সামনের জটলায় দাঁতের ব্যথায় কাতর এক রোগীর চিকিৎসা দিচ্ছিলেন এক ব্যক্তি। চিকিৎসার ফাঁকে তিনি নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিলেন। ডিগ্রির কথা জানতে চাইলে দিলেন ৩৮ বছরের অভিজ্ঞতার বিস্তর ফিরিস্তি।
দাঁতের চিকিৎসায় ‘অভিজ্ঞ’ এই ব্যক্তি কিছুক্ষণ পর হেঁচকা টানে একটি দাঁত তুলে আনলেন। এরপর ক্ষতে তুলা গুঁজে দিয়ে একটা সাদা কাগজে ব্যবস্থাপত্র লিখে ধরিয়ে দিয়ে বিদায় করলেন রোগীকে। গর্বের সুরে বলছিলেন, ‘আমি এখন যে সেবাটা দিলাম, সেটা বড় কোনো ডেন্টিস্টের কাছে করালে কমপক্ষে ৫০০-৭০০ টাকা দিতে হতো। আমার কাছে তা মাত্র ১৫০ টাকায় হইল।’
বাচোর গ্রামের শাহাফুল হোসেন (৩০) নামে এক যুবক ট্রাক্টরে হালচাষ করতে গিয়ে ইঞ্জিনের হাতলের সঙ্গে মুখে আঘাত পান। সে সময় তাঁর সামনের একটি দাঁত পড়ে যায়। সেই জায়গায় রুবেল মিয়া নতুন একটা দাঁত বাঁধানোর কাজ করছিলেন। শাহাফুল বলেন, ‘কম খরচে দাঁত লাগানোর কথা শুনে বসে পড়েছি। ডাক্তার দাঁত লাগাতে ৫০০ টাকা চাইছে। আমি ২৫০ টাকা দিতে চাইছি।’
দাঁতের চিকিৎসা নিয়ে কথা হয় ভ্রাম্যমাণ চিকিৎসক রুবেল মিয়ার (৫৯) সঙ্গে। তিনি জানান, তাঁর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার এলাকায়। লেখাপড়া অষ্টম শ্রেণি পর্যন্ত। ১৯৭৯ সালের দিকে তিনি এই পেশা শুরু করেন। এভাবেই পথে পথে দাঁতের চিকিৎসা দিতে দিতে কেটে গেছে ৩৮ বছর।
রুবেল মিয়া জানান, সনদ না থাকলেও তিনি দাঁত তোলা, দাঁত বাঁধাই, দাঁত ফিলিং করা, উঁচু-নিচু দাঁত সমান করাসহ অস্ত্রোপচারের কাজ করে থাকেন। তিনি দাবি করেন, ‘রাস্তার পাশে দাঁতের কাজ করলেও, আসলে রোগীরা কম খরচে উন্নতমানের সেবা পান। আমাকে আপনারা বলতে পারেন গরিবের ডাক্তার।’
রুবেল মিয়া বলেন, দিনের শুরুতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রোগীর ডাক পেলে সেবা দিয়ে প্যাডেল মেরে চলে যান অন্য জায়গায়। যেখানে রাত সেখানেই ঘুমানোর ব্যবস্থা করে পরের দিন আবার শুরু হয় খদ্দের খোঁজার কাজ। এভাবে কাজ করে মাস শেষে ফিরে যান স্ত্রী-সন্তানের কাছে।
রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরচের কথা ভেবে অনেক রোগী সড়কের পাশে দাঁতের চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অনেক রোগীর উল্টো দাঁতের সমস্যা বেড়ে যায়। এতে পরে তাদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসক মহিদুল ইসলাম জানান, যথাযথভাবে শোধন না করে একই যন্ত্র বহু মানুষের চিকিৎসায় ব্যবহারের কারণে হেপাটাইটিসসহ নানা গুরুতর রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যাঁরা পথের পাশে চিকিৎসা নিতে যান, তাঁরা এগুলোর তোয়াক্কা করেন না। কম খরচে চিকিৎসা করাতে পারলেই তাঁরা খুশি।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, প্রতিটি উপজেলার হাসপাতালে দন্ত বিভাগে বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দেওয়ার পরও পথের ধারে যাঁরা দাঁতের চিকিৎসা নিচ্ছেন, সবকিছুর আগে তাঁদের সচেতন হতে হবে। এরপরও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।