পথের ধারে রঙে-রেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর ফুটপাতে বসে ছবি আঁকছেন কয়েকজন তরুণ শিল্পী l ছবি: প্রথম আলো
সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর ফুটপাতে বসে ছবি আঁকছেন কয়েকজন তরুণ শিল্পী l ছবি: প্রথম আলো

তরুণ মাহাতাব হোসেন বোন ও দুলাভাইয়ের বিবাহবার্ষিকীতে একটি চমকপ্রদ উপহার দিতে চান। মনে মনে ঠিক করেও রেখেছিলেন। কিন্তু একদিন জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় পরিকল্পনা পাল্টে গেল। তাই গত বৃহস্পতিবার তিনি ল্যাপটপ নিয়ে হাজির হলেন মানিক মিয়া অ্যাভিনিউতে।
সন্ধ্যা নামছে। সংসদ ভবনের সামনের জায়গায় বসে চার্জার লাইট জ্বালিয়ে আরেক তরুণ তাহমিদ আশিক খান একবার ল্যাপটপে মাহাতাবের বোন ও দুলাভাইয়ের একটি রোমান্টিক ছবি দেখছেন, আর কাগজে আঁকিবুঁকি করছেন।
মাহাতাব বললেন, ‘প্রথমে ভেবেছিলাম, আপা-দুলাভাইয়ের একটি ছবি বড় করে বাঁধাই করে দেব। পরে এই পথে যাওয়ার সময় চোখে পড়ল আঁকিয়েদের। ভাবলাম, প্রতিকৃতি আঁকিয়ে নিয়ে বাঁধাই করে দিলেই বেশি খুশি হবে। তাই এখানে আসা।’
সংসদ ভবনের সামনে তাহমিদ আশিক খানের মতো কয়েকজন আঁকিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত ছবি আঁকেন। চা-বাদামের সঙ্গে সাধারণ মানুষের উচ্ছ্বাস-আগ্রহই তাঁদের প্রেরণা জোগাচ্ছে। সংসদ ভবনের সামনে ঘুরতে আসা লোকের কেউ কেউ হাঁটতে গিয়ে একটু থমকে দাঁড়ান। অনেকে বলেন ‘ওয়াও’। অনেকে আঁকিয়েদের সামনে বসে পড়েন নিজের ছবি আঁকানোর জন্য।
আঁকিয়েরা জানালেন সরাসরি কারও প্রতিকৃতি এঁকে দিলে ৩০০ টাকা, ছবি থেকে ছবি আঁকলে ৫০০ থেকে এক হাজার টাকা। তবে প্রায়ই এ দর মানা যায় না। অনেকের কাছে অত টাকা থাকে না। তখন কম টাকায় এঁকে দেন। অনেকেই চোখের সামনে কাগজে রেখার টানে প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখে খুব আনন্দিত হন। খোশমেজাজে নির্ধারিত দরের চেয়ে বাড়তিও দিয়ে দেন। একটি ছবি আঁকতে ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো লাগে।
তাহমিদ নারায়ণগঞ্জ চারুকলা কলেজ থেকে স্নাতক। তাঁর স্বপ্ন ফ্রান্সে গিয়ে চারুকলার উচ্চতর শিক্ষা নেবেন। তাঁর মা কাউসার পারভীন চৌধুরী আইনজীবী। তিনি শৌখিন ভাস্কর। ঘরে ছড়িয়ে-ছিটিয়ে আছে মায়ের গড়া অনেক ভাস্কর্য। তাঁর উৎসাহেই আঁকিয়ে হওয়া। এখন মা ও ছেলে দুজন মিলে একটি প্রদর্শনী করার প্রস্তুতি নিচ্ছেন।
আরেক আঁকিয়ে মো. নিয়াজ বললেন, ‘বিকেলে আড্ডা না দিয়ে এখানে বসলে স্টাডি ও আর্নিং দুটোই হচ্ছে।’ চারুকলায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। স্নাতকোত্তর পর্বের ছাত্র। আঁকেন শখের বশে।
ওবায়দুর রহমান পড়াশোনা করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। চারুকলায় পড়ার ইচ্ছা থাকলেও পরিবারের চাপে তা করতে পারেননি। তবে এখন ছবি এঁকেই নিজের খরচ নিজেই চালাচ্ছেন। তাঁর বাড়ি ঝিনাইদহে। সংসদ ভবনের সামনে বিকেল থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত প্রতিকৃতি আঁকেন ওবায়দুর রহমান।