
পথের পাশে খড়ের পালা। কৃষিপ্রধান আমাদের দেশের গ্রামাঞ্চলে দৃশ্যটি খুব স্বাভাবিক হলেও রাজধানীতে বেশ অভিনবই বটে। সেই দৃশ্যই এখন দেখা যাচ্ছে বহু এলাকায়। পশুর হাটের পাশে তো আছেই, এমনকি কাঁচাবাজারের সামনেও।
ফি বছর ঈদুল আজহার সপ্তাহ খানেক আগে থেকে গ্রামীণ খড়ের পালা চলে আসে খোদ রাজধানীতে। সঙ্গে থাকে সেসব তরতাজা ঘাস আর শাখাভর্তি সতেজ কাঁঠালপাতা। যা দেখে একসময় ‘ঘাসের ভিতরে ঘাস হয়ে জন্মাই কোন এক নিবিড় ঘাস—মাতার/ শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে’ কিংবা ‘দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে’ এমন কবিতা লিখেছেন জীবনানন্দ দাশ। তবে এই ঘাস-পাতা কাব্যের অনুষঙ্গ হিসেবে নয়, রাজধানীতে বরাবরের মতো এবারও এসেছে নেহাতই ব্যবহারিক প্রয়োজনে। গো-খাদ্য হিসেবে। বাণিজ্যিক উদ্দেশ্যেই আমদানি ঘটেছে খড়-ঘাস-পাতার। আরও আছে গম, ভুট্টা, ছোলার ভুসি। ধানের কুঁড়া। সরিষার খৈল, চিটাগুড় এসব।
প্রতিদিন ট্রাকে বোঝাই করে হাজার হাজার গরু-ছাগল থেকে মরুভূমির জাহাজ খ্যাতিপ্রাপ্ত উট পর্যন্ত আসছে ইট-পাথরের মহানগরে। কাজেই তাদের খাদ্যের জোগান দিতে রাজধানীতে খড়ের পালা প্রভৃতির সাময়িক সংযোগ। কোরবানির পশুর সঙ্গে তাদের খাদ্যও বেচাকেনা চলছে ভালো। তবে গ্রামের খড়ের আঁটি আর ঢাকার আঁটিতে তফাত যথেষ্ট। মোটাসোটা গেঁয়ো চেহারা নয়, নিয়মিত জিমে গিয়ে মেদ ঝরিয়ে সিক্সপ্যাক বানানোর মতো মুঠো করে ধরা যায় এমন স্লিম চেহারা এখানকার খড়ের আঁটিগুলোর। দাম প্রতিটি ১৫ টাকা।

ভোলার মোশারফ হোসেন গাজীপুর থেকে ১০০ আঁটি খড় এনে পালা দিয়েছেন কারওয়ান বাজারের সামনে। কেনা দাম পড়েছে ১১ টাকা করে। ঝেড়ে-বেছে নতুন করে বাঁধলে ১২০টির মতো আঁটি হয়। প্রতিদিন ৩০-৪০টি করে যাচ্ছে বলে জানালেন। পাশেই এর চেয়ে উন্নতমানের খাদ্যের পসরা। সেখানে আছে সারি সারি বস্তায় ভরা ভুসি-কুঁড়া। গম ও ভুট্টার ভুসি ৩৫-৪০ টাকা কেজি। ধানের কুঁড়া ২৫ টাকা। গম, ছোলা, ভুট্টাসহ বিবিধ শস্যের মিশ্র ভুসিও পাওয়া যাবে ৩০-৩৫ টাকায়। সরিষার খৈলের দর ৪০ টাকা।
পশুখাদ্যের পাশাপাশি কোরবানির পশু কাটাকুটির জন্য এ সময় ছুরি, চাকু, দা-বঁটিরও কারবার রমরমা। এসবের পসরা বসে গেছে বাজারের সামনের ফুটপাতে। আছে হোগলার চাটাই, মাংস কাটার জন্য আছে গোলাকার তেঁতুলগাছের গুঁড়ি। আয়োজন সব সম্পন্ন। ক্রেতারাও যাতায়াত শুরু করেছেন পশুর হাটে। ইতিমধ্যে অনেকেই কিনেছেন। আজ-কালের মধ্যে বেশির ভাগ বাড়ির সামনেই দেখা যাবে গরু-ছাগল বাঁধা। পথে দেখা যাবে তাগড়া ষাঁড়, হূষ্টপুষ্ট খাসির গলার দড়ি ধরে বাড়ির দিকে হাঁটতে থাকার পরিচিত দৃশ্য। তারপর সেই কোরবানির দিনটির জন্য প্রতীক্ষা। তবে গবাদিপশুর সঙ্গে মনের পশুটিকেও কোরবানি দিতে পারলেই মিলবে প্রকৃত সার্থকতা।