রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে পথ্য সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য রোগীপ্রতি যে বরাদ্দ দেওয়া হয়, সংশ্লিষ্ট ঠিকাদার তা ব্যয় করেন না। এভাবে বরাদ্দের একটি অংশ ঠিকাদার আত্মসাৎ করেন। পথ্য বুঝে নেওয়ার দায়িত্ব পাওয়া কমিটি যথাযথভাবে তদারকি না করায় তাঁরা এ অনিয়ম করার সুযোগ পাচ্ছেন। এতে সাধারণ রোগীরা বঞ্চিত হচ্ছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের পথ্য হিসেবে সকালে একটি মুরগির ডিম, একটি পাউরুটি, ৫০ গ্রাম চিনি ও চারটি পাকা কলা এবং দুপুর ও রাতে এক প্লেট (৪৫০ গ্রাম) ভাত ও মাছ বা মুরগির মাংস দেওয়ার কথা। প্রতিদিন রোগীপ্রতি ১২৫ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলার তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, চারঘাট, দুর্গাপুর, বাঘমারা, মোহনপুর, পবা ও বাঘা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। পথ্য বুঝে নেওয়ার জন্য প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি রয়েছে। অপর দুই সদস্য হলেন জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ও প্রধান সেবিকা। তাঁরাই পথ্যের জন্য প্রতিদিন ঠিকাদারকে চাহিদাপত্র দেবেন। প্রতিদিনের চাহিদাপত্রে তাঁদের সই থাকবে। কিন্তু প্রায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চাহিদাপত্র তৈরি করা হয় না। কোনোটিতে চাহিদাপত্র ছাপানো থাকলেও তা ব্যবহার করা হয় না। কমিটির সদস্যরা পথ্য বুঝে নেওয়ার জন্যও যান না। এ জন্য দাাঁড়িপাল্লা পর্যন্ত রাখা হয় না। এ সুযোগে ঠিকাদার ইচ্ছামতো পথ্য সরবরাহ করেন।
গত ২৪ সেপ্টেম্বর বেলা একটায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ কিসকুকে পাওয়া যায়। তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারেননি। পথ্য মেপে নেওয়ার জন্য দাঁড়িপাল্লা আছে কি না, জানতে চাইলে তিনি ভান্ডারের একজন কর্মচারীর সঙ্গে কথা বলতে বলেন। ওই কর্মচারী বলেন, দাঁড়িপাল্লা আছে। কিন্তু দেখতে চাইলে ভান্ডারে গিয়ে বলেন, এটি পাওয়া যাচ্ছে না। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকুর মোল্লা হাসপাতালে ছিলেন না। এ বিষয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বেলা দুইটায় গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে পাওয়া যায়নি। চিকিৎসা কর্মকর্তা ফজলুল করিম উপস্থিত ছিলেন। পথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিষয়ে সেবিকাদের সঙ্গে কথা বলতে বলেন। সেখানে থাকা দুজন সেবিকা পথ্য বুঝে নেওয়ার ব্যাপারে কিছুই বলতে পারেননি।
রান্নাঘরের কর্মচারীরা জানান, কেউ পথ্য বুঝে নিতে আসেন না। সেখানে রোগীদের পথ্যের একটি তালিকা ঝুলতে দেখা যায়। তাতে সেদিন গত ২৪ সেপ্টেম্বর মাংস বা মাছ দেওয়ার কথা রয়েছে। সেদিন হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি ছিলেন। মহিলা ওয়ার্ডের রোগী ফেনসি খাতুন জানান, পাঁচ দিন ধরে তিনি এখানে আছেন। কোনো দিন মাংস পাননি।
এ স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার সমশের আলী দাবি করেন, পথ্য বুঝে নেওয়ার জন্য কোনো চিকিৎসক থাকেন না। ওজন করেও নেওয়া হয় না। তিনি তালিকা অনুযায়ী পথ্য সরবরাহ করেন।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে ঠিকাদার বেশ কয়েক দিনের চাল ও ডাল একসঙ্গে কিনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রেখে দিয়েছেন। সেখান থেকে তিনিই রান্নাঘরে এগুলো সরবরাহ করেন। সেখানে একটি দাঁড়িপাল্লা আছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোপেন্দ্রনাথ আচার্য জানান, ঠিকাদার ভালো। দেখার প্রয়োজন পড়ে না। তা ছাড়া একই কাজ দৈনিক করলে একঘেঁয়েমি এসে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, এক লিটার সয়াবিন তেলের জায়গায় ৩০০ মিলি সরবরাহ করা হয়। ঠিকাদার রোগীর মাথা গুনে মাছের ছোট ছোট টুকরা নিয়ে আসেন। তা-ও মাছ বলতে সিলভার কার্প আর মাংস বলতে ডিম পেড়ে বুড়ো হয়ে যাওয়া মুরগি। চালও কম সরবরাহ করা হয়। কয়েক দিন আগে ৩০ শয্যার একটি হাসপাতালের ২৮ জন রোগীর জন্য সকালের নাশতায় সাড়ে ছয় কেজি ওজনের পাউরুটি সরবরাহ করার কথা। কিন্তু সরবরাহ করা হয়েছে আড়াই কেজি ওজনের পাউরুটি। দেড় কেজি চিনির জায়গায় ৩০০ গ্রাম সরবরাহ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ পর্যন্ত কোনো রোগী তাঁদের কাছে অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে তাঁরা ব্যবস্থা নেবেন।