পদ আছে ৯২টি, কাজ করছেন মাত্র ৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীর ৯২টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র আটজন। বাকি ৮৪টি পদই শূন্য।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল ইউনিয়ন পরিষদকেই ২০১০ সালের ৫ ডিসেম্বর পৌরসভা ঘোষণা করা হয়। তিন বছর আগের আদমশুমারি অনুসারে এখানকার লোকসংখ্যা ১৯ হাজার ৭৬৬ জন। এ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ৯২টি। কিন্তু কাজ করছেন মাত্র আটজন। বাকি ৮৪টি পদই শূন্য। কর্মরত পদগুলোর মধ্যে রয়েছে সচিব, প্রকৌশলী, গুদামরক্ষক, হিসাবরক্ষক, স্বাস্থ্য সহকারী, সহকারী কর আদায়কারী, বৈদ্যুতিক মিস্ত্রি ও পিয়ন।

পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এ পর্যন্ত রাস্তাঘাটেরও কোনো উন্নয়ন হয়নি। পৌর সদরের প্রধান রাস্তাতেও নেই কোনো সড়কবাতি। পৌর এলাকার গ্রামগুলোতে তো পয়োনিষ্কাশনের ব্যবস্থাও করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। আসলে শুধু নাগরিকত্ব ও জন্মসনদ দেওয়া-নেওয়া ছাড়া আর কোনো কাজেই আসছে না পৌরসভা।

২ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর কার্যালয়ের সামনের রাস্তায় পান-সিগারেট বিক্রেতা দুলাল হোসেনের অভিযোগ, পৌর সদরে বাস করেও তিনি বিদ্যুৎ পাননি। শুধু তিনি একা নন, তাঁর মতো পৌর এলাকায় বসবাসকারী অনেক পরিবারই বিদ্যুৎ পায়নি।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মতিন গত রোববার বলেন, তিনি কাউন্সিলর হওয়ার পর তাঁর ওয়ার্ডে মাত্র ১৫০ ফুট দীর্ঘ একটি ড্রেন আর রাস্তায় সামান্য কিছু ইট বিছানো হয়েছে।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী বলেন, পৌর এলাকার ভেতর দিয়ে যাওয়া উপজেলা সদর রাস্তা ও ইটাখোলা হাটের রাস্তার বেশ কিছু জায়গা বর্ষায় পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।

পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আয়শা আকতার জানান, কয়েকটি রাস্তায় কালভার্ট নির্মাণ ও সামান্য কিছু রাস্তায় ইট বিছানো ছাড়া আর কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি।

২০১২ সালের ৪ জুন পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হন আবদুল মান্নান মোল্লা। তিনি নির্বাচিত হওয়ার পর আটজন জনবল নিয়ে পৌরসভার কাজ করছেন। তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও, পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়েনি। মেয়াদ প্রায় শেষের দিকে চলে এলেও লোকবলের অভাবে দৈন্যদশায় চলছে এ পৌরসভার কাজ। পৌরসভার নিজস্ব কোনো ভবন না থাকায় পৌর সদরের প্রধান রাস্তা মণ্ডল মার্কেটের ওপর ছয়টি কক্ষ ভাড়া নিয়ে পৌরসভার কাজ চলছে।

তবে মেয়র আবদুল মান্নান মোল্লার দাবি, তিনি তৃতীয় শ্রেণি পৌরসভা থেকে ক্ষেতলালকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব তা দিয়ে দু-একটা উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তা কার্পেটিং করতে না পারলেও অধিকাংশ রাস্তাতেই ইট বিছানো হয়েছে। পৌর এলাকার ৭৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে বলে তিনি দাবি করেন। এ ছাড়া দেড় কোটি টাকার উন্নয়নমূলক কাজের টেন্ডার হয়েছে। সেই সঙ্গে তিনি লোকবল সংকটের কথা নিশ্চিত করেছেন।