পদ ও বেতন গ্রেড উন্নীত করার দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন দেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারে (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা (অফিস সহকারী, উচ্চমান সহকারী ও সিএ)। বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে আজ মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।

দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আকবর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা চান তাঁদের জন্য সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসার নামে পদ সৃষ্টি করা হোক। দাবি আদায়ে তাঁরা ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে আন্দোলন কর্মসূচি পালন করবেন। তবে সরকারি ছুটি ও জাতীয় দিবসগুলোয় কর্মসূচি হবে না। এরপরও দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেবেন।

সকাল নয়টায় রাজশাহী জেলা প্রশাসন ভবনের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে কর্মসূচি শুরু করেন সেখানকার কর্মচারীরা। তাঁরা প্রথমে হাজিরা খাতায় সই করেন। এরপর ব্যানারের পাশে অবস্থান নেন। সেখানে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

সেলিম রেজা বলেন, অন্যান্য অফিসের কর্মচারীরা পদোন্নতি পেয়ে কর্মকর্তা পর্যন্ত হতে পারেন। কিন্তু তাঁদের মধ্যে যাঁরা অফিস সহকারী পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মবিরতি পালিত হয়। সকাল ৯টা থেকে নগরের বয়রা নূরনগর এলাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই কর্মসূচি পালন শুরু হয়। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার উচ্চমান সহকারী এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, দাবি না মানা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, ও প্রতিনিধি, খুলনা]