পদ দিতে চেয়ে অর্থ গ্রহণ না পেয়ে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ওরফে ফেরদৌসের বিরুদ্ধে কমিটিতে পদ দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। পদ দিতে না পারায় অর্থ ফেরত দিলেও উল্টো পাওনা টাকা চেয়ে সেই পদপ্রত্যাশীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
তবে সিরাজুল দাবি করেছেন, কসবা উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আবু জাহের কমিটির সভাপতি হতে না পেরে পাওনা টাকা ফেরত না দেওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মামলায় সিরাজুল ইসলাম উল্লেখ করেন, ঠিকাদারি ব্যবসার সুবাদে আবু জাহেরের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। গত ২০ অক্টোবর আবু জাহের তাঁর ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এসে দুই দিনের জন্য চার লাখ টাকা ধার চান। সরল বিশ্বাসে তিনি ওই টাকার একটি চেক দিয়ে দেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না পেয়ে তিনি আবু জাহেরের বাড়িতে যান। কিন্তু তখন তিনি লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।
আবু জাহের বলেন, ‘সিরাজুল ইসলামের সঙ্গে আমার ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। তিনি নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছেন।’
স্থানীয় যুবলীগ জানায়, গত ৫ অক্টোবর কসবা উপজেলা যুবলীগের সমেঞ্চলন হওয়ার কথা ছিল। সংঘাতের আশঙ্কায় ৪ অক্টোবর ওই সমেঞ্চলন স্থগিত করা হয়। পরে ২৭ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে একটি কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। ওই কমিটিতে আবু জাহেরের নাম নেই। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ৩১ অক্টোবর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উপজেলা যুবলীগের সমেঞ্চলনের ১৫ দিন আগে সিরাজুল তাঁকে উপজেলা কমিটির সভাপতি বানাতে পাঁচ লাখ টাকা দাবি করেন। বিষয়টি চার লাখ টাকায় রফা হয়। পরদিন তিনি ওই টাকা পরিশোধ করেন। পরে সিরাজুল আরও ছয় লাখ টাকা দাবি করায় তিনি অপারগতা প্রকাশ করেন। আগের টাকা ফেরত চাইলে ২০ অক্টোবর তাঁকে চার লাখ টাকার চেক দিয়ে দেওয়া হয়। তিনি ওই চেকে টাকা তুলেও নিয়েছেন।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন ভূঁইয়া বলেন, ‘আবু জাহেরকে সভাপতি বানানোর জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার কথা আলোচনা হয়। আলোচনায় পরে চার লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আবু জাহের চার লাখ টাকা সিরাজুল ইসলামকে দিয়েছে বলে আমি শুনেছি।’
সিরাজুল ইসলাম বলেন, ‘অনেক বয়স হওয়ায় জাহেরকে যুবলীগের নেতা বানানো হয়নি। তিনি সভাপতি না হতে পেরে এখন আমার পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’