পদ দুটি, পদোন্নতি ৪০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় কর্মচারীদের দুটি পদের বিপরীতে ৪০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, করার কিছু ছিল না। বিশ্ববিদ্যালয় ও বাইরে থেকে এ বিষয়ে প্রচণ্ড চাপ, অনেকের ডিইও লেটার এটি করতে বাধ্য করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পদোন্নতির বিষয়ে ২২৯তম সিন্ডিকেট সভায় চতুর্থ শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে পদোন্নতি পেতে বিজ্ঞাপিত দুটি পদের বিপরীতে ৪০ জনকে পদোন্নতি দেওয়া হয়। পদ দুটি হলো রেজিস্ট্রারের কার্যালয়ের নিম্নমান সহকারী ও কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগার সহকারী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথমে সংখ্যাটি নির্দিষ্ট করে না বললেও একপর্যায়ে বলেন, ‘সংখ্যাটি ৪০ হতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, নিয়ম বহির্ভূতভাবে দুটি পদের বিপরীতে ৪০ জনের পদোন্নতির নজির বিশ্ববিদ্যালয়ে এর আগে ছিল না। বিজ্ঞাপিত পদের বিপরীতে অতিরিক্ত পদোন্নতি দেওয়ার কোনো বিধান নেই। এভাবে পদোন্নতি দেওয়ায় নিয়ম লঙ্ঘন হয়েছে।