পদ নিয়ে দ্বন্দ্বে স্কুলে যাওয়া বন্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর আলম দেড় মাস ধরে বিদ্যালয়ে যেতে পারছেন না। প্রধান শিক্ষকের পদ দখলকে কেন্দ্র করে ওই বিদ্যালয়েরই এক শিক্ষক তাঁর ওপর হামলা চালানোর হুমকি দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর আলম অভিযোগ করেন, ‘২০০৭ সালের জানুয়ারি মাসে পদাধিকার বলে আমি (মনজুর আলম) সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিই। ২০০৮ সালের জানুয়ারি মাসে নীতিমালা অমান্য করে সহকারী শিক্ষক নুরুল আবছার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা শুরু করেন।’মনজুর আলম বলেন, ‘এ ঘটনায় আমি নুরুল আবছারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করি। আদালত ২০১০ সালের ২৫ জুলাই আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এর পর থেকে আমি সেই দায়িত্ব পালন করে আসছি। কিন্তু নুরুল আবছার ও তাঁর সহযোগীদের হুমকির কারণে আমি এখন বিদ্যালয়ে যেতে পারছি না। এ ঘটনায় ২০১০ সালের ২০ ডিসেম্বর মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২ আগস্ট স্কুল চলাকালীন নুরুল আবছারের নেতৃত্বে ভাড়া করা সন্ত্রাসীরা কার্যালয় থেকে স্কুলের মাঠে নিয়ে গিয়ে মনজুর আলম, সহকারী শিক্ষক আবদুল হক ও ইসলাম শিক্ষার শিক্ষক জাবেদ আলীকে মারধর করে।মনজুর আলমকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক নুরুল আবছার।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ নিয়ে কেউ মামলা করেনি। মামলা হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সব শিক্ষকের সঙ্গে বৈঠক করে ওই প্রধান শিক্ষক যাতে স্কুলে যেতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি।’