পদ নিয়ে বিরোধে মাশুল দিচ্ছে উপজেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে পরিষদের দুই ভাইস চেয়ারম্যান বিরোধে জড়িয়ে পড়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশ্নে পরিষদের সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের নির্দেশনার মধ্যে বৈপরীত্য থাকায় আদালতের স্থগিতাদেশের মুখে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এতে উপজেলা পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
সদর উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি বিএনপির নেতা আলাউদ্দিন আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে বিএনপিদলীয় রুমানা আহমেদ ও আওয়ামী লীগদলীয় আবদুল মালেক মোল্লার মধ্যে বিরোধ শুরু হয়। ২০১০ সালের ১৯ জুলাই উপজেলা পরিষদ ম্যানুয়াল ২০১০-এর ১৫-এর ৪ ধারা অনুযায়ী পরিষদের সভায় রুমানা আহমেদকে ১ ও আবদুল মালেক মোল্লাকে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান করা হয়। কিন্তু পরিষদের এই সিদ্ধান্তকে অবৈধ দাবি করে মালেক মোল্লা উচ্চ আদালতে রিট করলে আদালত ওই বছরের ২৪ আগস্ট পরিষদের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। চলতি বছরের ১৯ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ মারা গেলে রুমানা আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। মালেক মোল্লা উপজেলা পরিষদ ম্যানুয়াল ২০১০-এর ১৫-এর ১ ধারা অনুযায়ী চেয়ারম্যান প্যানেল গঠিত হয়নি দাবি করে গত ৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেন।
ওই ধারায় উল্লেখ করা হয়েছে, পরিষদের প্রথম সভার এক মাসের মধ্যে ভাইস চেয়ারম্যানগণ নিজেদের মধ্যে অগ্রাধিকারক্রমে চেয়ারম্যান প্যানেল গঠন করবেন। ফলে ওই ধারা অনুযায়ী ২২ সেপ্টেম্বর মন্ত্রণালয় রুমানার পরিবর্তে মালেক মোল্লাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের আদেশ দেয়। রুমানা মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে রিট করলে গত ২৩ সেপ্টেম্বর আদালত মন্ত্রণালয়ের ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে কেউ না থাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পের চেক অনুমোদন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্প বাস্তবায়ন এবং পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না। রুমানা আহমেদ বলেন, আদালতের শেষ আদেশ অনুযায়ী তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অথচ মালেক মোল্লা দলীয় দাপটে এখনো চেয়ারম্যানের কক্ষ ব্যবহারসহ সব সুবিধা নিচ্ছেন। তিনি আদালত অবমাননার অভিযোগে আবারও উচ্চ আদালতে যাবেন।
মালেক মোল্লা দাবি করেন, তিনি আদালতের স্থগিতাদেশ পাননি। তাই গাড়ি ও চেয়ারম্যানের কক্ষ ব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, রুমানা কিছুদিন অবৈধভাবে চেয়ারম্যান ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা জানান, কক্ষ ব্যবহার ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও আদালতের স্থগিতাদেশের পর থেকে মালেক মোল্লাকে দাপ্তরিক নথি দেওয়া হচ্ছে না। তবে চেয়ারম্যান পদ নিয়ে আইনি লড়াইয়ের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।