পদ নয়, একটি বাক্য সংযুক্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক পদের উল্লেখ না থাকায় তৈরি পোশাকশিল্পের নতুন মজুরিকাঠামো নিয়ে কারখানাগুলোতে জটিলতা চলছে। তবে এ জন্য বাদ পড়া পদগুলো অন্তর্ভুক্তি নয়, বরং একটি বাক্য সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বকাউল।

সভায় মজুরি বোর্ডের সদস্যরা একমত হয়ে সিদ্ধান্ত নেন, ‘গেজেটে উল্লিখিত পদের অতিরিক্ত কোন সংশ্লিষ্ট শিল্পে সংযোজিত হয় উহা যথাযথ গ্রেডে অন্তর্ভুক্ত করা যাবে’ এ বাক্যটি যুক্ত করলেই সমস্যার সমাধান হবে। নতুন করে পদ অন্তর্ভুক্তির প্রয়োজন নেই। এই সুপারিশ চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে পাঠাবে নিম্নতম মজুরি বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএ পরিচালক আরশাদ জামাল বলেন, কারখানাভেদে পদ ভিন্ন হয়। তা ছাড়া প্রতিনিয়তই নতুন পদ সৃষ্টি হয়। ফলে সব পদ তো আর গেজেটে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। তিনি বলেন, অতিরিক্ত পদগুলো কারখানা কর্তৃপক্ষ নিজেরাই সংশ্লিষ্ট গ্রেডে নিয়ে নেবেন। এটি নিয়ে কোনো বিভ্রান্তি বা ঝামেলা সৃষ্টির সুযোগ নেই।

অন্যদিকে, বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘ওই বাক্যটিসহ একটি অনুচ্ছেদ মজুরি বোর্ডের সুপারিশে ছিল। কিন্তু মন্ত্রণালয় গেজেট প্রকাশের সময় কোনো কারণে তা বাদ পড়ে। এ জন্য সমস্যার সৃষ্টি হয়। এখন যুক্ত করলেই হয়।’ এতে কি সমস্যার সমাধান হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি ঝামেলা হবে না।

মালিক ও শ্রমিকপক্ষের এই দুই প্রতিনিধি জানান, তাঁরা নতুন মজুরিকাঠামোর গেজেটটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় অনুবাদ করার পরামর্শ দেন মজুরি বোর্ডকে। কারণ বিদেশি ক্রেতা ও গণমাধ্যম অনেক সময় ভাষা না বোঝার কারণে এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেয়।

মজুরি বোর্ডের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা সুপারিশটি মন্ত্রণালয়কে পাঠাব। পরে এটি কি গেজেট সংযুক্তি হবে, নাকি অন্যকিছু হবে—সেটা মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে।’  

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা সাইফউদ্দিন আহমেদ ও নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দিন।

জানা যায়, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ৩ থেকে ৬ নম্বর গ্রেডে শ্রমিকের পদ প্রস্তাব করেছিলেন ১০৬টি। কিন্তু চূড়ান্ত কাঠামোয় তা না বাড়িয়ে ২০১০ সালের ৫৬ থেকে কমিয়ে ৫৪টি করা হয়েছে। এ জন্য কাঙ্ক্ষিত গ্রেডের মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন অনেক শ্রমিক। এমন তথ্য পেয়ে পদের অস্বচ্ছতা দূর করতে জানুয়ারির প্রথম সপ্তাহে মজুরি বোর্ডকে চিঠি পাঠায় শ্রম মন্ত্রণালয়।

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি হয়েছে পাঁচ হাজার ৩০০ টাকা। ৫ ডিসেম্বর নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশিত হয়। ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার চলতি জানুয়ারি মাস থেকে পোশাক শ্রমিকেরা নতুন কাঠামোতে মজুরি পাওয়ার কথা।