পদ নয়টি, কর্মরত একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে নয়টি। চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন। মেডিকেল অফিসার আবুল আজাদ মণ্ডল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার এবং চিকিৎসক—এ তিনটি দায়িত্ব একাই পালন করছেন। সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, রোগীরা হাতে স্লিপ নিয়ে বারান্দায় চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। চিকিৎসকদের কক্ষের দরজা বন্ধ। আবুল আজাদ মণ্ডল তাঁর কক্ষে নেই। কোথায় গেছেন কেউ বলতে পারে না। ছোঁয়ানি গ্রামের রিকশা-ভ্যানচালক জাহাঙ্গীর আলম (৬০) পেটের ব্যথার চিকিৎসা নিতে এসেছেন। তিনি বলেন, ‘হ বাহে, অ্যাটা কেংকা হাসপাতাল, সকাল থাকি বসি আছি, একখানও ডাক্তার নাই, ডাক্তারের ঘরগুলার দুয়ার বন্দ দ্যাখছো (আছে)।’ খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নেই। পুরোনো অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ১৯৮২ সালের একটি এক্স-রে মেশিন আছে, তারও পাঁচ মাস ধরে ফিল্ম নেই। টেকনিশিয়ান অরুণ সরকার জানান, যোগাযোগ করেও ফিল্ম পাওয়া যাচ্ছে না। ফিল্মের অভাবে এক্স-রে বর্তমানে বন্ধ আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শহীদুল ইসলাম বলেন, ‘এখানে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন।’ একজন চিকিৎসক প্রশাসনিক কাজ করবেন নাকি চিকিৎসা দেবেন? চিকিৎসক সংকটের কারণে একজন চিকিৎসককেই প্রশাসনিক কাজসহ অন্য সব দায়িত্ব পালন করতে হচ্ছে। আবুল আজাদ মণ্ডল মুঠোফোনে বলেন, ‘একজনের পক্ষে এত কাজ করা কঠিন। এখানে চিকিৎসক নেই, অ্যাম্বুলেন্স নেই, এক্স-রে মেশিনের ফিল্ম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ব্যবস্থা নিচ্ছে না। আমি কী করব?’