মুন্সিগঞ্জে জেলা যুবদলের নতুন কমিটির সভাপতির ওপর হামলা চালানো হয়েছে। এতে সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়। নতুন কমিটিতে পদ পছন্দ না হওয়ায় দুই সহসভাপতির নেতৃত্বে গতকাল শুক্রবার এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতরা হলেন, সভাপতি তারিক কাশেম খান (৪৩) এবং তাঁর পক্ষের বলে পরিচিত শাহ আলম (২৮) ও নুরুল ইসলাম (৩৬)। গুরুতর অবস্থায় তাঁদের তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার সময় জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে ঢাকায় যাওয়ার উদ্দেশে গতকাল বেলা ১১টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতারা মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থলে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে নতুন কমিটির দুই সহসভাপতি বাবুল মিয়া ও সুলতান আহমেদের নেতৃত্বে শতাধিক লোকজন রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে এসে সভাপতি তারিকসহ অন্যদের ওপর হামলা করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। তারিক, শাহ আলম ও নুরুল ইসলামের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হামলাকারীরা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে। কার্যালয়ের সামনের সড়কে থাকা চার-পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। প্রায় আধঘণ্টা ভাঙচুর চালিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে হামলাকারীরা চলে যায়। পরে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। গুরুতর অবস্থায় তারিক, শাহ আলম ও নুরুলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দলীয় কার্যালয়ের তালা খুলে চার থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ও ভাঙচুরের সময় দলীয় কার্যালয়ের সামনে সুপার মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের মধ্যে সাধারণ লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছুটোছুটি শুরু করে। দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটি মুন্সিগঞ্জ জেলা যুবদলের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি পদে তারিক, সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন, সহসভাপতি পদে বাবুল মিয়া ও সুলতান আহমেদ আছেন। এই কমিটির বিরোধিতা করেন বাবুল ও সুলতান। নতুন কমিটিতে বাবুল সভাপতি ও সুলতান সম্পাদক হতে চেয়েছিলেন। যোগাযোগ করা হলে বাবুল মিয়া দাবি করেন, ‘নতুন কমিটির নেতাদের কেউ মানতে পারছে না। আমি ও সুলতান দলীয় কার্যালয়ের গেলে আমাদের সঙ্গে ইসলামপুর, পাঁচগড়িয়াকান্দিসহ বিভিন্ন এলাকার লোকজন যায়। যারা এই কমিটিকে মানতে পারছে না, তারা তারিকসহ অন্যদের ওপর চড়াও হয়। আমরা তাঁদের রক্ষা করার চেষ্টা করেও পারিনি।’ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি দলীয় কার্যালয়ে বসে পত্রিকা পড়ছিলাম। হঠাৎ হামলা হয়। যারা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চেয়েছিল, তাদের নেতৃত্বে এই হামলা করা হয়।’ মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, যুবদলের কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।