পদ পেতে নেতা-কর্মীরা চালাচ্ছে জোর তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বুধবার। গত এক বছরেও ওই শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। কমিটিতে স্থান না পেয়ে পদবঞ্চিত ব্যক্তিরা হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় কেন্দ্র থেকে ঘোষণা হচ্ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি। ইতিমধ্যে কমিটিতে পদ পাওয়ার জন্য নেতা-কর্মীরা ঢাকায় গিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সহসাই মহানগর কমিটির ঘোষণা আসছে। দলীয় নেতা-কর্মীরা জানান, ২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। আ ফ ম আহসান উদ্দিনকে সভাপতি ও জালাল উদ্দিন আহাম্মদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য গঠিত ওই কমিটির মেয়াদ বুধবার শেষ হচ্ছে।ছাত্রলীগের বিবদমান পক্ষগুলো ঘোষিত ওই কমিটি নিয়ে গত বছরের ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত কুমিল্লা শহরে দফায় দফায় গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটায়। উদ্ভূত পরিস্থিতিতে কমিটির সদস্যসংখ্যা আর বাড়ানো হয়নি। বছরজুড়ে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির চারটি পক্ষ আলাদাভাবে দলীয় কার্যক্রম চালায়।শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে নেতৃত্ব নিয়ে জট তৈরি হয়েছে। ওই জট ভাঙতে হলে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটিতে দিতে হবে।’কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য নাজমুল ইসলাম বলেন, ‘আমরা চাই, সব পক্ষ থেকে সমন্বয় করে কমিটি দেওয়া হোক। সংঘাত নয়, সমন্বয় করে দলীয় কার্যক্রম পরিচালনা করতে চাই। এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে, তাদের মোকাবিলা করা যাবে।’কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন যাবৎ যারা ছাত্রলীগ করে এবং তৃণমূল পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, এমন ছাত্রদেরই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটিতে স্থান দেওয়া উচিত।’কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ ২৭ জুন শেষ হবে। কেন্দ্রীয় নেতারা আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলেছেন। ওই কমিটির মেয়াদ আরও বাড়তে পারে।’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সহসাই কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে তৎপরতা চলছে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হবে।’