গত বছরের মাঝামাঝি কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এ অবস্থায় কুমিল্লা মহানগর হলেও এখানে আওয়ামী লীগের কোনো কমিটি নেই। শিগগির মহানগর কমিটি ঘোষণা হতে পারে এমন আশায় কমিটিতে পদপ্রত্যাশী স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন বলে জানা গেছে।স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাদের বৈঠক হয়। বৈঠকে মহানগর কমিটির দাবি উত্থাপন করা হয়। এর পর থেকে মহানগর কমিটিতে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে।নেতা-কর্মীরা অভিযোগ করেন, ২০০৬ সালের ১২ মে থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। ওই কমিটির বেশির ভাগ নেতা নিষ্ক্রিয় ও মারা গেছেন। আহ্বায়ক কমিটির দুই শীর্ষ নেতা পূর্ণাঙ্গ কমিটি গঠনে কালক্ষেপণ করছেন। এ অবস্থায় কর্মীরা কোনো কমিটিতেই জায়গা পাচ্ছেন না। তাই দ্রুত মহানগর কমিটি গঠনের তাগিদ দিচ্ছেন তাঁরা।দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি হলে আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি হলে সভাপতি পদে যেতে চান কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। তিনি এর আগে কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তা ছাড়া অধুনালুপ্ত কুমিল্লা পৌরসভার দুবারের মেয়র ছিলেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী তাঁকে ওই পদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেন। একই পদে যাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার।জানতে চাইলে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক হতে চাই। দলকে সুসংগঠিত করার জন্য মহানগর কমিটির বিকল্প নেই।’ কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক বলেন, ‘দলীয় সভানেত্রী ও শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের প্রয়োজনে যাঁকে নেতৃত্ব দেবেন, আমরা তাঁকেই মেনে নেব। আমাকে যদি ওই দায়িত্ব দেওয়া হয়, তাতেও কোনো আপত্তি নেই।’অন্যদিকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বা সদস্যসচিব ও পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহীনুল ইসলাম ও জাকির হোসেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুম সুলতানা ও মাসুদ পারভেজ খান, শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারের নাম শোনা যাচ্ছে।তা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমানও মহানগর কমিটিতে স্থান পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন বলে তাঁদের অনুসারীরা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, দলের কোন্দল মেটানোর জন্য শহরের ত্যাগী ও তৃণমূলের নেতা-কর্মীদের দিয়ে মহানগর কমিটি করা উচিত। জেলা কমিটির মতো মহানগর কমিটি অকার্যকর লোকদের দিয়ে করানো হলে দল ক্ষতিগ্রস্ত হবে।