পদ পেলেন ছাত্রলীগে, পদ গেল সাংবাদিক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হলেন দৈনিক সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউদ্দৌলা প্রধান (রেজা আকাশ)।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদের এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি রেজাউদ্দৌলা প্রধানসহ একাধিক সাংবাদিক পদ নিয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গতকাল বুধবার রাতে বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সভায় আলোচনা হয়। সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে ছাত্র সংগঠনে পদ নেওয়ার মাধ্যমে সমিতির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মত দেন সমিতির সদস্যরা। তাঁরা মনে করেন, এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। সভায় রেজাউদ্দৌলা প্রধানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলে তিনি বিতর্কিত মন্তব্য করেন। পরবর্তীতে সমিতির সর্বোচ্চ ফোরামে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি পদে থাকাকালীন অবস্থায় ছাত্রলীগের সহসম্পাদক পদ গ্রহণ করে সমিতির মর্যাদা ক্ষুণ্ন করায় রেজাউদ্দৌলা প্রধানকে সমিতি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক সমিতিতে অন্য যেকোনো ছাত্র সংগঠনের পদধারী কোনো সদস্য থাকলে, তাঁদের আগামী ১০ দিনের মধ্যে ছাত্র সংগঠনের ওই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ৫ মার্চের মধ্যে বিষয়টি লিখিতভাবে সমিতিকে অবহিত করতে হবে। অন্যথায় ওই দিন থেকে প্রমাণসাপেক্ষে তাঁদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।