
দুপুর গড়াতে না গড়াতেই কাঁঠালতলায় বাহারি সব ইফতারির পসরা। শত বছরের ঐতিহ্য-আভিজাত্য নিয়ে আকবরিয়া হোটেলে হরেক স্বাদের ইফতারি। শুধু কাঁঠালতলা বা আকবরিয়া নয়; বগুড়া শহরের সর্বত্র এখন ইফতারির সমারোহ। কিবা ফুটপাত, কিবা চার তারকা মোটেল।
পবিত্র রমজানের প্রথম দিন থেকেই শহরের কবি নজরুল ইসলাম সড়ক থেকে শুরু করে জলেশ্বরীতলা শহীদ আবদুল জোব্বার সড়ক; মহল্লার গলি থেকে শুরু করে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, অভিজাত চার তারকা হোটেল নাজ গার্ডেন—সর্বত্রই দুপুরের পর থেকে ইফতারির পদ বেচাকেনা নিয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। অভিজাত হোটেল-রেস্তোরাঁয় মিলছে রকমারি পদের ইফতারি বক্স। মিলছে বগুড়ার ঐতিহ্যবাহী ঘোলও।
ইফতারি পণ্যের সমাহার দেখে ক্রেতারা খুশি। তবে দাম শুনে মুহূর্তেই সেই খুশি মুখগুলো মলিন হয়ে যাচ্ছে। ক্রেতাদের অভিযোগ, ইফতারিতে অপরিহার্য বুন্দিয়া, ছোলা বুট, পেঁয়াজু, কাবাব, হালিম, জিলাপি, সৌদি খেজুরসহ সব পদের দাম গতবারের তুলনায় এবার অনেক বেশি। শহরের কাঁঠালতলায় ফুটপাতের ইফতারি বাজারে এবার বুন্দিয়া, পেঁয়াজু ও জিলাপি ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর এসব পদ কেজিপ্রতি ১০০ টাকার মতো ছিল।
আকবরিয়া হোটেলের ব্যবস্থাপক সরোয়ার হোসেন বলেন, প্রতিবছরই ইফতারিতে আকবরিয়ায় থাকে নতুন কিছু আকর্ষণ। এবারও স্বাদে বৈচিত্র্য এবং ভিন্নতার নানা পদ দিয়ে ইফতারির পসরা সাজানো হয়েছে। প্রচলিত সব পদের পাশাপাশি রয়েছে চিকেন বেড পাকুড়া, চিকেন বুস্টার, চিকেন কাটলেট, সবজি বেড পাকুয়া, মাটন রোল, মিনিকারি চাপ, সাইজ পুডিংসহ হরেক আয়োজন।
আকবরিয়া হোটেলে গত বুধবার ইফতারি কিনতে এসেছিলেন কালীতলা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বলেন, গত বছর আকবরিয়ায় বুট, বুন্দিয়া, পেঁয়াজু, জিলাপির কেজি ছিল ১২০ টাকা। এবার বিক্রি করা হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
শুধু খোলা ইফতারির নয়, দাম বেড়েছে প্যাকেট ইফতারিরও। এবার আকবরিয়ায় ইফতারি বাক্সের দাম পড়ছে ৮৫, ৬৫ ও ৪৫ টাকা। গতবার একই পদের ইফতারি বাক্সের দাম ছিল ৭০, ৫০ ও ৩৫ টাকা। জলেশ্বরীতলার নুরুল ইসলাম বলেন, ‘ইফতারি কিনতে এসে পকেট কাটা যাচ্ছে সত্যি। কিন্তু শত বছরের ঐতিহ্যের স্বাদ নিতেই এখান থেকে ইফতারি কিনছি।’
শহরের এশিয়া সুইটস এবার সীমিত পরিসরে ইফতারি সাজিয়েছে। তবে দাম বাড়ায়নি তারা। গতবারের দামেই ইফতারি বিকোচ্ছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দীপু বলেন, গতবার এখানে বুন্দিয়া ও জিলাপি প্রতি কেজি ছিল ১২০ টাকা; এবারও তা-ই।
ইফতারির অভিজাত বাজার জলেশ্বরীতলা শহীদ আবদুল জোব্বার সড়কেও এবার জমজমাট বেচাকেনা চলছে। আকবরিয়া মিষ্টিমেলা ও ফুডপার্কে মিলছে খোলা ইফতারি। বুন্দিয়া, ছোলা বুট, জিলাপির মতো পণ্য মিলছে কেজিপ্রতি ১৬০ টাকার মধ্যে।
একই সড়কের কাফে বারবি কিউ অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টে ২৫০ থেকে ৭০০ টাকায় মিলছে রকমারি ইফতারি প্যাকেজ। প্রতিষ্ঠানটির অন্যতম মালিক ফজলে রাব্বি বলেন, এখানে প্রথম রোজা থেকেই ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। ইফতারি আয়োজনে রয়েছে প্রচলিত পদের পাশাপাশি উইংস ও চিকেন কাটলেট, পাটিসাপ্টা পিঠা, অনথন, গার্লিক নান, শাশলিক কাবাব ইত্যাদি। ১০০ থেকে ২০০ টাকার মধ্যে প্রত্যেক পদ মিলবে এখানে।