পদ ১০টি, নিয়োগ পেলেন ৫৯ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে বিজ্ঞাপিত ১০টি পদের বিপরীতে ৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।ওই কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগকেই অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান ও সাবেক কয়েকজন নেতাও রয়েছেন।নিয়োগের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন যেভাবে ভালো মনে করেছে, সেভাবেই নিয়োগ সম্পন্ন করেছে।’জানা যায়, ছয় মাস আগে বিজ্ঞাপনের মাধ্যমে সেকশন অফিসারের সাতটি পদ এবং সহকারী রেজিস্ট্রারের তিনটি পদের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদনপত্র জমা হওয়ার পর মৌখিক পরীক্ষা শেষে ৫ সেপ্টেম্বর সিন্ডিকেটের ২০৮তম বৈঠকে নিয়োগ চূড়ান্ত করা হয়।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সহকারী রেজিস্ট্রারের তিনটি পদের বিপরীতে ১০ জন এবং সেকশন অফিসারের সাতটি পদের বিপরীতে ২১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেকশন অফিসারদের মধ্যে তিনজনকে স্থায়ী এবং বাকি ১৮ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চমান সহকারী পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান না করা হলেও এই পদে অ্যাডহক ভিত্তিতে ২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, এই ৫৯ জনের বেশির ভাগকেই অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের অনেকেই কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের বাসিন্দা এবং ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা।সূত্র জানায়, নিয়োগ মনোনয়নে সিন্ডিকেটের এই বৈঠক গত ৩১ আগস্ট হওয়ার কথা ছিল। অতিরিক্ত লোক নিয়োগের প্রক্রিয়া ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় বন্ধের আগের দিন ৫ সেপ্টেম্বর বিকেলে বৈঠক করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয়ের বাজেটে সাড়ে তিন কোটি টাকার ঘাটতি থাকার পরও অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিধিবহির্ভূতভাবে লোক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল এবং অন্যান্য ছাত্র-শিক্ষক সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জয় বিশ্বাস এই নিয়োগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ নিয়োগ অবৈধ।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিন কোটি টাকা বাজেট ঘাটতি থাকার পরও বিধি লঙ্ঘন করে গণনিয়োগের নিন্দা জানাচ্ছি।’এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য কামাল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই এমনটি করা হয়েছে।