পদ ৫৮, কর্মরত ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে ৫৮টি চিকিৎসকের বিপরীতে বর্তমানে চিকিৎসক ১৬ জন এবং প্রশাসনিক দায়িত্বে দুজনসহ কর্মরত আছেন ১৮ জন। শূন্য রয়েছে ৪০টি পদ।এদিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবিতে গতকাল বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ করেছে পটুয়াখালী নারী স্বাস্থ্য অধিকার জোট। ঘণ্টাব্যাপী এই অবস্থান বিক্ষোভের সময় সেখানে বক্তব্য দেন নারী স্বাস্থ্য অধিকার জোটের আহ্বায়ক এ এইচ মুনসুর, শাপলা ফুল মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নার্গিস আরা বায়েজিদ এবং আদর্শ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর।জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যার সদর হাসপাতালটি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি জোট সরকারের আমলে একে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়। কিন্তু এ হাসপাতালের অবকাঠামোগত উন্নতি হলেও লোকবলের কোনো উন্নতি হয়নি। বরং ১০০ শয্যা থাকাকালে যে লোকবলের ঘাটতি ছিল, তা দিয়েই ২৫০ শয্যার এই হাসপাতালটি চলছে।পটুয়াখালী জেনারেল হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসক-সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও সে উদ্যোগ পূর্ণতা পায়নি। এদিকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর নতুন জনবল কাঠামো অনুযায়ী হাসপাতালটিতে তত্ত্বাবধায়কসহ ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ১৮ জন।৮ মার্চ সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের ভিড়। উপজেলার হাজীখালী গ্রামের তাসলিমা বেগম তাঁর দুই বছরের শিশুপুত্র আলিফের ঠান্ডা ও কাশি হওয়ায় তাকে বহির্বিভাগে এনে একজন চিকিৎসককে দেখিয়ে চিকিৎসাপত্র নিয়ে ওষুধ তুলছেন। চিকিৎসাপত্র অনুযায়ী তাঁকে প্যারাসিটামল ও স্যালবিউটামল সিরাপ দেওয়া হয়েছে। ওষুধও পেয়েছেন তিনি। তবে তাসলিমা বেগম মতে, চিকিৎসক-সংকট থাকায় তাঁদের অনেক সময় ব্যয় হচ্ছে। লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক ক্ষণ।অপর রোগী খুকু বেগম (৩০) জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে এসেছেন। তিনি ওষুধ পেয়েছেন কো-ট্রাইমোক্সাজোল, প্যারাসিটামল ও অ্যান্টাসিড ট্যাবলেট। মাহিনুর বেগম বুকে ও মাজায় ব্যাথা নিয়ে এখানে এসেছেন। তিনি বলেন, ‘ডাক্তার নাই। তাই দেরি হইতেছে।’ পরে চিকিৎসক আসায় তিনি চিকিৎসাপত্র ও ওষুধ নিয়ে বাড়ি ফিরেছেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামছুল আলম বলেন, ১৬ জন চিকিৎসক দিয়ে বহির্বিভাগে এবং জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। তিন মাস আগে ছয়জন চিকিৎসককে এই হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা এখানে যোগদান করেননি।