পদক পাওয়া হাসপাতালে আট বছর অস্ত্রোপচার বন্ধ
জটিল প্রসূতি রোগীদের অস্ত্রোপচারের ক্ষেত্রে সেবা ও ভালোমানের কাজের স্বীকৃতি হিসেবে ২০০২-০৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বর্ণপদক পেয়েছিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সে আট বছর ধরে অস্ত্রোপচার বন্ধ আছে।
এ হাসপাতালে আছে দুটি সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ। আছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। কিন্তু অবেদনবিদ না থাকায় আট বছর এই হাসপাতালে অস্ত্রোপচার হয় না। একজন অবেদনবিদ নিয়োগ দেওয়া হলেও তিনি যোগ দেননি।
স্থানীয় লোকজন বলেন, অস্ত্রোপচার-সুবিধা থাকলে লোহাগাড়া ছাড়াও চন্দনাইশ, সাতকানিয়া, চকরিয়া, লামা ও আলীকদমের জটিল প্রসূতি রোগীরাও উপকৃত হবেন।
হাসপাতাল সূত্র জানায়, ব্যবহার না হওয়ায় হাসপাতালের অনেক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া দূরের হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন প্রসূতিরা। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার প্রথম আলোকে জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৬ সাল থেকে অস্ত্রোপচার বন্ধ। গত নভেম্বরে একজন অবেদনবিদ নিয়োগ দেওয়া হলেও তিনি এখনো যোগ দেননি।
এ ব্যাপারে অবেদনবিদ মাহবুবর আলম বলেন, অসুস্থতাজনিত কারণে তিনি এখনো যোগদান করতে পারেননি।
চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান বলেন, অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যদি কাজে যোগ না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে।