পদকপ্রাপ্ত কৃষকের খামারবাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পদকপ্রাপ্ত এক কৃষকের খামারবাড়িতে গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে। এতে ওই বাড়িতে থাকা তিনটি গবাদিপশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এবং সবজি, কৃষিষন্ত্রসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রোববার উপজেলার জগন্নাথপুর গ্রামের হবিবার রহমানকে আটক করেছে।
জানা গেছে, কুল চাষের জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন ও বাণিজ্যিক ভিত্তিতে কুল চাষের জন্য ২০১০ সালে জগন্নাথপুর গ্রামের পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে ময়েজকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক দেওয়া হয়। তিনি কুল ময়েজ নামে পরিচিত। তিনি তাঁর গ্রামে ১৯ বিঘা জমির ওপর খামারবাড়ি করেছেন।
সিদ্দিকুর রহমান জানান, শনিবার রাত একটার পর তাঁর ছেলে রিংকুর কাছ থেকে খবর পেয়ে তিনি খামারবাড়িতে এসে আগুন জ্বলতে দেখেন। তাঁর কাছ থেকে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই বাড়িতে রাখা একটি গাভি ও দুটি ছাগল মারা যায় এবং সবজি, ১১টি কৃষিযন্ত্র ও আসবাব পুড়ে যায়। আগুনে তাঁর ১৪ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
গতকাল সকালে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনে এসে তাৎক্ষণিকভাবে খামারবাড়ির জন্য দুই বান্ডেল ঢেউটিন দিয়েছেন। এ ছাড়া খামারের শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেন।
থানার ওসি বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় গতকাল দুপুরে হবিবার রহমান নামের একজনকে আটক করা হয়েছে।