পদক্ষেপ জানাতে পুলিশের দুই কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রুলসহ এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার (ডিসি) ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১৫ জুলাই আদালতে হাজির হতে হবে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের’ অফিসার ইনচার্জকেও ক্ষতিগ্রস্তের চিকিৎসাবিষয়ক প্রতিবেদন নিয়ে ওই দিন হাজির হতে বলা হয়েছে।
‘চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ’ শিরোনামে ৩ জুলাই প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ‘চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পক্ষে ৫ জুলাই রিট আবেদনটি করা হয়। এতে ওই ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনাও চাওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মো. আবদুল হালিম পরে প্রথম আলোকে বলেন, হাইকোর্ট পুলিশের মিরপুর জোনের ডিসিসহ তিনজনকে ১৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ওই মাইক্রোবাসটি আটক ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে রাস্তায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা তৈরি এবং ধর্ষণ ও নারী উত্ত্যক্তকারীদের চিহ্নিত করতে ‘ইলেকট্রনিক ডিভাইস’ ব্যবহারের পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই ঘটনায় দোষীদের গ্রেপ্তার না করার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, প্রধান কারখানা পরিদর্শক, পুলিশের মহাপরিদর্শকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১ জুলাই রাতে এক নারী পোশাকশ্রমিককে তুলে নিয়ে মিরপুর এলাকায় মাইক্রোবাসে আটক রেখে ধর্ষণ করা হয়। পরদিন ওই নারীকে দুর্বৃত্তরা রাস্তায় ফেলে যায়। পরে নির্যাতিত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।