পদক্ষেপ না নিলে আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার শিকার হয়ে গত বছর হজে যেতে না পারা ১৩৯ জন হজযাত্রী এবার হজে যাওয়ার নিশ্চয়তা দাবি করেছেন সরকারের কাছে৷ এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷
গত বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রতারণার শিকার হজযাত্রীরা৷ তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে হজে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অন্যথায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা৷
লিখিত বক্তব্যে প্রতারণার শিকার হজযাত্রী মো. গোলাম ফারুক বলেন, গত বছর ১৪২ জন হজযাত্রী সৌদি হজ এয়ার সার্ভিস নামের একটি হজ এজেন্সিকে (লাইসেন্স নং-১১৬৯) জনপ্রতি দুই লাখ ৮৫ হাজার টাকা দেন৷ কিন্তু তাঁরা প্রতারণার শিকার হয়ে হজে যেতে পারেননি৷ তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান একটি বিশেষ ফ্লাইট ও টিকিটের ব্যবস্থা করলেও জেদ্দা বিমান কর্তৃপক্ষ হজ ফ্লাইট বন্ধ করে দেওয়ায় তাঁদের হজে যাওয়া হয়নি৷ ইতিমধ্যে তিনজন মারা গেছেন৷
গোলাম ফারুক অভিযোগ করেন, এত বড় প্রতারণা করলেও সৌদি হজ এয়ার সার্ভিসের লাইসেন্স বাতিল করা হয়নি৷ প্রতিষ্ঠানের মালিক মোকাররম হোসেন সরকারের প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ৷
সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার হজযাত্রীদের মধ্যে শেখ মো. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম, সাজেদুল করিম, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷ এঁরা ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা৷
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) একটি সূত্র জানায়, হাব কর্তৃপক্ষ সৌদি হজ এয়ার সার্ভিস থেকে ৪০ লাখ টাকা আদায় করতে সমর্থ হয়৷ প্রতিষ্ঠানটি আরও এক কোটি ৭০ লাখ টাকার চেক দিয়েছিল৷ কিন্তু ব্যাংকে সেই হিসাব নম্বরে কোনো টাকা নেই৷ এখন প্রতিষ্ঠানটির মালিক আত্মগোপন করে আছেন৷ তাঁর মুঠোফোনও কিছুদিন ধরে বন্ধ৷