পদক্ষেপ সম্পর্কে জানাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নীতিমালার বাইরে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেসংক্রান্ত প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আশরাফুল হাদী। পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুসারে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি ফি আদায় করেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসংক্রান্ত প্রতিবেদন ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাড়তি ফি নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিভিন্ন পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নীতিমালা-২০১১ দ্রুত কার্যকরের নির্দেশনা চেয়ে গত বছর রিটটি করা হয়।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষে রিটটি করা হয়। শুনানি নিয়ে গত বছরের ৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। নীতিমালার বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাড়তি অর্থ আদায়ের ঘটনা তদন্ত করে নেওয়া পদক্ষেপ তিন মাসের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। এ অনুসারে গতকাল রাষ্ট্রপক্ষ তদন্ত প্রতিবেদন দাখিল করে।