পদচারী-সেতু থাকা সত্ত্বেও...
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় একটি পদচারী-সেতু (ফুট ওভারব্রিজ) নির্মাণ করা হয়েছে। দুই মাস আগে সেতুটি মানুষের চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। কিন্তু সেতুর ওপর দিয়ে খুব কম মানুষই চলাচল করছে। অনেক মানুষই ঝুঁকি নিয়ে সেতুর নিচ দিয়ে সড়ক পার হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পদচারী-সেতুটি নির্মাণ করে। গত ২১ অক্টোবর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সেতুর উদ্বোধন করেন। গত শনিবার লোকজনকে পদচারী-সেতুর নিচ দিয়ে সড়ক পার হতে দেখা যায়। একজন পথচারী বলেন, সময় বাঁচাতে তিনি সেতুর নিচ দিয়ে পার হচ্ছেন। এ ছাড়া সেতুর নিচ দিয়ে গেলে পরিশ্রমও কম হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘মানুষকে সেতুর ওপর দিয়ে চলাচল করতে আমরা অনেক অনুরোধ করছি, কিন্তু কেউ কথা শুনছে না। মানুষ সচেতন না হলে আমরা কী করতে পারি।’ তিনি বলেন, সেতুর নিচ দিয়ে মানুষের পারাপারের পথ বন্ধ না করলে কেউ সেতুতে উঠবে না।ওসি জানান, গত দুই মাসে এ স্থানে প্রায় ১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। সোনারগাঁ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আমির হোসাইন বলেন, মানুষের সেতুতে না ওঠা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, উদ্বোধনের সময় সেতুর নিচে উঁচু সড়ক বিভাজক নির্মাণ অথবা কাঁটাতারের বেড়া দিয়ে সড়ক পারাপারের পথ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। সে সময় যোগাযোগমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, সেতুর নিচ দিয়ে যাতে মানুষ রাস্তা পারাপার না হতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি।নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে কাজটি করা যাচ্ছে না। অর্থ বরাদ্দ পেলেই কাজটি করা হবে। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, শিগগিরই সেতুর নিচ দিয়ে পারাপারের পথ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।