সিলেট নগরের আম্বরখানা মোড় ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় পদচারী সেতু নেই। এতে পথচারীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে। এ কারণে নগরের এই দুটি গুরুত্বপূর্ণ চৌরাস্তায় পদচারী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
স্থানীয় লোকজন বলেন, উভয় চৌরাস্তায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। দ্রুতগতিতে এসব যান চলার কারণে পথচারীরা সহজে রাস্তা পারাপার হতে পারে না।
হুমায়ুন রশীদ চত্বর এলাকার ব্যবসায়ী আলতাবুর রহমান বলেন, এই মোড়ে ২৪ ঘণ্টা গাড়ি চলাচল করে। এক মুহূর্তের জন্য গাড়ি না থামায় পথচারীদের রাস্তা পারাপারে হিমশিম খেতে হয়। বিশেষ করে বৃদ্ধ, নারী ও স্কুলগামী শিক্ষার্থীদের বেশি দুর্ভোগে পড়তে হয়। এ কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি পদচারী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে।
আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের শিক্ষক সুবিমল দাশ বলেন, ‘আম্বরখানা মোড় হয়ে আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়। এই মোড়ে রাস্তা পারাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে একটি ওভারব্রিজ নির্মাণ করা হলে স্থানীয়রা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।’
ঢাকা-সিলেট মহাসড়ক এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার, সিলেট-দক্ষিণ সুরমা সড়কের মিলনস্থল হচ্ছে হুমায়ুন রশীদ চত্বর। অপরদিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ, সিলেট-সুনামগঞ্জ, সিলেট-তামাবিল এবং সিলেট নগর সড়কের মিলনস্থল হচ্ছে আম্বরখানা মোড় এলাকা। অতি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মিলনস্থল হওয়ায় সব সময় এ চৌরাস্তা দুটিতে মানুষজনের চলাচল বেশি থাকে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদচারী সেতু নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জনগুরুত্বের কথা বিবেচনায় রেখে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার বিষয়টি ভাবা হবে।