পদচারী-সেতু ব্যবহারে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুটওভারব্রিজ (পদচারী-সেতু) আছে, অথচ মানুষ সেগুলোর নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। এতে যেমন তাঁরা নিজেদের জীবন বিপন্ন করছেন, পাশাপাশি ঢাকার ট্রাফিক ব্যবস্থাকেও বিশৃঙ্খল করে দিচ্ছেন। ঢাকা শহরে একটি বিরাট সমস্যা হলো ট্রাফিক বিশৃঙ্খলা।’
পদচারী-সেতু ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে এবার সচেতনতামূলক প্রচারণা চালানোর কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের পদচারী-সেতুর পাশে এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেন।
পুলিশ জানায়, ঢাকায় ৪৫টি পদচারী-সেতু রয়েছে। কিন্তু মানুষ সেগুলো ব্যবহার করছেন না। এর আগে রাজধানীর ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় পদচারী-সেতুর গোড়ায় পুলিশ মোতায়েন করে মানুষকে পদচারী-সেতু ব্যবহারে বাধ্য করার উদ্যোগ নিয়েছিল পুলিশ। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। বনানীতে পদচারী-সেতুতে অ্যাকসেলেটর সংযুক্ত করার পরও মানুষ সেগুলো ব্যবহার করছেন না। প্রতি মাসেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বেশ কিছু মানুষ। আবার এভাবে যত্রতত্র রাস্তা পারাপারের ফলে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলও ব্যাহত হচ্ছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, অভিনয়শিল্পী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোক্তা ইলিয়াস কাঞ্চন, পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমী প্রমুখ। পারফেটি ভ্যান মেইলি নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পুলিশ এই কাজ করবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা প্রথমে মানুষকে অনুরোধ করব পদচারী-সেতু ব্যবহার করার জন্য। দরকার হলে রাস্তার দুই পাশে ৫০০ মিটার করে এক হাজার মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করে পদচারী-সেতু ব্যবহার করতে বাধ্য করা হবে।’ আবুল মকসুদ বলেন, ‘সরকার উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার পরও জনগণ যদি এর সঠিক ব্যবহার না করেন তাহলে সেটা জনগণের দোষ। আমি জনগণকে অনুরোধ করব আপনারা এগুলোর উপযুক্ত ব্যবহার করবেন।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনার অর্ধেক ভিকটিম হচ্ছে পথচারী। পথ চলতে গেলে আমাদের যে পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার আমরা তা করছি না।’