পদচারী-সেতু যখন বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম জেনারেল হাসপাতালের মধ্যবর্তী স্থানের এই পদচারী-সেতুতে বসানো অস্থায়ী দোকানের কারণে চলাচলে সমস্যা হয় পথচারীদের। ছবিটি ২১ আগস্ট বিকেলে তোলা l প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম জেনারেল হাসপাতালের মধ্যবর্তী স্থানের এই পদচারী-সেতুতে বসানো অস্থায়ী দোকানের কারণে চলাচলে সমস্যা হয় পথচারীদের। ছবিটি ২১ আগস্ট বিকেলে তোলা l প্রথম আলো

কাপড়চোপড়, ফলমূল, চুড়ি, চুলের ক্লিপ, ছাতা, বেল্ট—সবকিছুই বিক্রি হয় এখানে। দোকানের সংখ্যাও নেহাত কম নয়, ১৯টি। তবে এটা কোনো বাজার নয়। শাহবাগের পদচারী-সেতুতে বিভিন্ন ধরনের দোকান বসে তা বাজারে রূপ নিয়েছে। পথচারীদের চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি।

দেশের দুটো গুরুত্বপূর্ণ হাসপাতাল—বারডেম জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মধ্যবর্তী স্থানে পদচারী-সেতুটির অবস্থান। এ পদচারী-সেতু দিয়ে প্রতিদিন রোগীসহ কয়েক হাজার লোক চলাচল করে।

গত মঙ্গলবার দুপুরে দেখা যায়, সেতুটির বেশির ভাগ জায়গা হকারদের দখলে। সেখানে ফলমূলের বেশ কয়েকটি দোকান আছে। বিক্রি হচ্ছে মেয়েদের কাপড়চোপড়ও। সবচেয়ে বেশি ভিড় কসমেটিকের দোকান ঘিরে। বেচাবিক্রিও বেশ। দুজন ছিন্নমূল মানুষকেও ঘুমাতে দেখা যায়। কয়েকজন কম বয়সী ছেলে আবার সেতুর রেলিংয়ের ওপর বসে আছে।

পুরো সেতুতে হাঁটার জন্য এক-তৃতীয়াংশ জায়গাও অবশিষ্ট নেই। কয়েকজন মানুষ একসঙ্গে হাঁটতে গেলেই একটু পরপরই জট লেগে যাচ্ছে। আবার অনেকে দোকান এবং মানুষ বাঁচিয়ে একবার ডান, একবার বাঁ দিক করে সেতুটি পার হচ্ছে। কয়েকজন পথচারীকে দেখা গেল উষ্মা প্রকাশ করতে। অনেকে আবার দাঁড়িয়ে বিক্রেতা-ক্রেতা; উভয়কে দুটো কথা শুনিয়ে যাচ্ছে।

এমন একজন পথচারী সেলিম ইসলাম। তিনি বিএসএমএমইউতে স্ত্রী ও শিশুপুত্রের চিকিৎসা শেষে সেতুটি দিয়ে পার হয়ে যাত্রাবাড়ীর বাস ধরবেন। তিনি বলেন, ‘এইটা ব্রিজ নাকি বাজার। এতটুকু ব্রিজে কত্তগুলা দোকান।’ আরেক পথচারী ইরিনা হক বলেন, ‘দোকানের কারণে হাঁটা যায় না। আবার বাচ্চারাও এটা-সেটা কেনা ও খাওয়ার বায়না ধরে। না দিলে তখন বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়।’

পথচারী রিয়াজুল করিম চলাচলে নিয়মিত এই সেতু ব্যবহার করেন। তিনি বলেন, ‘বৃষ্টি হলে ব্রিজ দিয়ে হাঁটা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও থাকে না। আশপাশের ফুটপাতের সব দোকানও এখানে উঠে আসে।’

সেতুটির এখানে-সেখানে ময়লা, আবর্জনা। কলার খোসাও পড়ে থাকতে দেখা গেল। সিঁড়ির পাতগুলো পুরোনো, কয়েকজন একসঙ্গে হাঁটলে দেবে যায়।

সেতুটির নিচেও বেশ কিছু দোকান রয়েছে। বারডেম-সংলগ্ন সিঁড়ি ঘেঁষে মুচির দোকান। এ ছাড়া সিঁড়িতেও দোকান বসে। নাম প্রকাশ না করার শর্তে বারডেম জেনারেল হাসপাতালের এক আনসার সদস্য বলেন, রাতে মাঝেমধ্যে সেতুটির ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। আবার, সেতুর নিচে বসে মাদক সেবনও করা হয়। 

হকাররা জানান, হাসপাতালের আনসার মাঝেমধ্যে তাঁদের ধাওয়া করেন। তখন কিছু সময় এদিক-সেদিক ঘুরে আবার ফিরে আসেন।

এসব সমস্যার বিষয়ে অবগত আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান। তিনি জানান, কিছুদিন আগে সেতুটি সংস্কার করে হকারমুক্ত করা হয়েছিল। কিন্তু এর দু-তিন দিনের মধ্যে আবার দখল হয়ে যায়। ঈদের পরে হকারমুক্ত করার প্রক্রিয়াটি নিয়মিত করা হবে। তখন পর্যবেক্ষণের ব্যবস্থাও থাকবে।