পদচারী সেতুর খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় গতকাল শুক্রবার পদচারী সেতুর খুঁটির সঙ্গে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা খেলে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হন। আহত হন সাতজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, গতকাল টঙ্গী থেকে রাজধানীর পোস্তগোলার দিকে যাচ্ছিল সালসাবিল পরিবহনের বাসটি। বেলা ১১টার দিকে এটি বিমানবন্দর থানার কাওলা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পদচারী সেতুর খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক। আহত সাতজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত সাতজন হলেন রীনা আক্তার (২০) লুৎফর জামান (৪৫), ইসমাইল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী জয়নাব বেগম (২৪), রিয়াদ (১২), মিজান (৫০) ও রাহাতুন বিবি (৫৫)। নিহত যুবকের পরনে কালো শার্ট ও জিনস প্যান্ট ছিল।
এসআই ইউসুফ জানান, নিহত যুবক বাসের যাত্রী না পথচারী তা জানা যায়নি। ঘটনার পর পরই চালক ও চালকের সহযোগী বাস রেখে পালিয়ে যান। বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।