পদচারী-সেতু না বাজার!
গাউছিয়া-নিউমার্কেট পদচারী-সেতুর ওপরে বেশির ভাগ জায়গা দখল করে বসেছে অবৈধ দোকান। এতে পথচারীদের চলাচলের পথ একেবারেই সংকুচিত হয়ে গেছে। দোকান শুধু সেতুর ওপরে নয়, সিঁড়িতেও আছে। এর বাইরে ভ্রাম্যমাণ ফেরিওয়ালার আনাগোনা তো আছেই। সব মিলে দেখে বোঝার উপায় নেই এটি বাজার না পদচারী-সেতু।
গত বুধবার দুপুরে পদচারী-সেতুর ওপর গিয়ে দেখা গেল, সেতুর এক পাশের বেশির ভাগজুড়ে আছে ৫০-৬০টি ছোট-বড় দোকান। বিক্রেতারা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁকডাক দিচ্ছেন। কী নেই এখানে? আছে থালা-বাটি, ছুরি, ছাঁকনি, কৃত্রিম ফুল, রান্নাঘরের বিভিন্ন দরকারি পণ্য, নারীদের ব্যাগ, নারীদের পোশাক, ন্যাপথলিন, চিরুনি, পাপোসসহ অনেক ধরনের রকমারি পণ্য। একেক বিক্রেতা একেক ধরনের পণ্য সাজিয়ে বসেছেন। কেউ কেউ কেনাকাটা করছেন। দোকানের কারণে ছোট হয়েছে চলাচলের পথ। তার ভেতর দিয়ে ঠেলাঠেলি করে পার হচ্ছে পথচারীরা।
সেতুর ওপর নারীদের বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করছিলেন রকিবুল ইসলাম নামের এক বিক্রেতা। এখানে দোকান বসানোর কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমারে কিছু বইলা লাভ নাই। আমি কর্মচারী। ডেইলি আহি সারা দিন খাটি আর ৩০০ টাকা পাই।’ পথচারীদের সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘একটু তো সমস্যা হইবোই, আবার হেরা তো এখান থাইকাই কেনাকাটাও করে।’ এই দোকানের মালিকের বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
থালা-বাটি-মগসহ নানা ধরনের পণ্য নিয়ে বসেছেন মো. রুবেল। তিনি জানালেন, এক বছর ধরে তিনি দোকান করছেন। কোনো সমস্যা হচ্ছে না। তাঁর দাবি, তিনি পথচারীদের কোনো সমস্যা করছেন না।
পথচারীদের চলাচলে এসব দোকান যেমন একধরনের সমস্যা সৃষ্টি করছে, তেমনি পথের বাধা হয়ে দাঁড়াচ্ছেন একদল ভ্রাম্যমাণ ফেরিওয়ালা। তাঁরা পথচারীদের ঘিরে ধরে তাঁদের পণ্য কেনার অনুরোধ করছেন।
সেতুর ওপর পাপোস বিক্রি করছিলেন মো. শাখাওয়াত হোসেন। দোকানের বৈধতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু কমু না। আমার মালিকরে জিগান।’ মালিক কই জানতে চাইলে তিনি একদিকে ইশারা করে আর কিছু বলতে চাইলেন না।
>* নিউমার্কেট-গাউছিয়া পদচারী-সেতুতে অবৈধ বাজার * চাঁদা নিচ্ছেন যুবলীগ নামধারী এক নেতা * প্রতিদিনের চাঁদা ৫০ থেকে ১৫০ টাকা
এই সেতুর ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করেন আজিমপুরের বাসিন্দা নাজমা বেগম। তিনি বলেন, আপনি নিজেই দেখেন কী অবস্থা। হাঁটার কোনো জায়গাও রাখেনি। এ ছাড়া এই পথ দিয়ে যাওয়ার সময় উটকো ফেরিওয়ালারা ঘিরে ধরেন।
ইডেন কলেজের শিক্ষার্থী ফারজানা রহমান বলেন, এই সেতুর ওপর দিয়ে চলতে বিরক্ত লাগে। যেভাবে দখল করে দোকান বসানো হয়েছে মনে হয় যেন পদচারী-সেতু নয় এটি আরেকটি মার্কেট।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেল এই পদচারী-সেতুর ওপর যেসব দোকানদার বসেন তাঁরা খোকন মোল্লা নামের একজনের কাছে দোকানের আকার অনুসারে চাঁদা দেন। দোকানপ্রতি প্রতিদিনের চাঁদা ৫০ থেকে ১৫০ টাকা। দোকানির কথার সত্যতা যাচাই করার জন্য খোকন মোল্লার সঙ্গে দেখা করেন এই প্রতিবেদক। সেতুর পাশেই বুধবার দুপুরে গাউছিয়া মার্কেটে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রথম আলোর ফটো সাংবাদিককে ছবি তুলতে গেলে প্রথমে বাধা দেন, পরে বলেন, ‘আমাগো বিষয়টা দেইখেন যাতে কোনো সমস্যা না হয়।’
দোকান নেওয়ার বিষয়ে আলাপ করতে চাইলে তিনি বলেন, এখানে দোকান বসাতে চাইলে তাঁর সঙ্গেই কথা বলতে হবে। অন্য কারও তদবির এখানে খাটবে না। তিনি বলেন, দোকান বসাইতে পারবেন। কোনো সমস্যা হবে না আমি সব ব্যবস্থা করে দেব। খোঁজ নিয়ে জানা গেল, সেতুর ওপরেই যে পাপোসের দোকান আছে সেটির মালিকও এই খোকন মোল্লা।
পদচারী-সেতু দখলের বিষয়ে করণীয় জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলের বিষয়টি আমি জানি। এ সপ্তাহেই সব দোকান তুলে দেওয়া হবে।’ খোকন মোল্লা নামের যুবলীগের কোনো নেতাকে তিনি চেনেন না বলে জানান।