পদচারী-সেতু নির্মাণের দাবি
সিলেট নগরের ব্যস্ততম চৌরাস্তা হচ্ছে হুমায়ুন রশীদ চত্বর। ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট-ফেঞ্চুগঞ্জ ও সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আন্ত উপজেলা সড়কগুলোর পাশাপাশি নগরে প্রবেশ করতে হলে ওই চত্বর পেরিয়েই ঢুকতে হয়। অথচ গুরুত্বপূর্ণ এই চৌরাস্তায় কোনো পদচারী–সেতু না থাকায় পথচারীদের রাস্তা পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজনের দাবি, দিনরাত এ চৌরাস্তা দিয়ে হাজারো যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশাসহ নানা যানবাহন চলাচল করে। তাই রাস্তা পারাপারের সময় প্রায়ই ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। তরুণ-যুবকেরা দেখেশুনে রাস্তা পাড়ি দিতে পারলেও বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের পারাপারে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এ অবস্থায় চৌরাস্তায় একটি পদচারী–সেতু নির্মাণের দাবি করেছেন স্থানীয় লোকজন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘পর্যায়ক্রমে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি পদচারী–সেতু নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।’