পদচারী-সেতু নির্মাণের দাবি
গাজীপুরের টঙ্গী কলেজ গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদচারী-সেতু ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীরা।
২২ জুলাই সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় সফিউদ্দিন সরকার একাডেমির প্রাক্তন ছাত্র ও নটর ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন গাজীপুরগামী একটি বাসের চাপায় মারা যায়। এ ঘটনায় পুলিশ ওই বাস ও তার চালককে আটক করে।
সফিউদ্দিন সরকার একাডেমির প্রাক্তন ছাত্র মো. মোশারফ হোসেন বলেন, নিহত জাকির হোসেন স্মরণে গতকাল সকালে একাডেমিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করে। এ সময় তারা ওই সড়কে একটি পদচারী-সেতু নির্মাণের দাবি জানায়। একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ১৫ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।