পদচারী-সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় পদচারী-সেতু নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে পাঁচ শতাধিক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ মানববন্ধনের আয়োজন করে।
জানা গেছে, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটি অবস্থিত। এখানে ১ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিদিন এই মহাসড়ক অতিক্রম করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা করতে হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল সকাল আটটার দিকে নার্সারির ছাত্র আহনাফ আহমেদ বিরাসার এলাকা দিয়ে মহাসড়ক পার হওয়ায় সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।
এই পরিস্থিতিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেন।
অষ্টম শ্রেণির মাহুয়া বেগম, নবম শ্রেণির আসিফুর রহমান, দশম শ্রেণির ছাত্র ফজলুল করিম বলে, প্রতিদিন ঝুঁকি নিয়ে এই মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। রাস্তা পার হওয়ার সময় সারাক্ষণ ভয় কাজ করে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, প্রতিদিনই শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক পার হতে হয়। বিরাসার এলাকায় ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘেট। দুর্ঘটনা এড়াতে এখানে একটি পদচারী-সেতু নির্মাণ করা খুব জরুরি। বিষয়টি বিবেচনার জন্য স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আজ বুধবার একটি স্মারকলিপি পেশ করা হবে।