পদচারী-সেতু ব্যবহারে প্রচার চালাচ্ছে পুলিশ
মহাখালী, কাকলী ও বিমানবন্দর গোলচত্বরে পদচারী-সেতু ব্যবহারে পথচারীদের উৎসাহিত করতে প্রচারণা চালাচ্ছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, আরও কিছুদিন এ রকম প্রচারণা চলবে। পরে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতও বসানো হবে।
পদচারী-সেতু ব্যবহার করে রাস্তা পারাপারে মানুষকে বাধ্য করতে গত বছরের নভেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মধ্য রাজধানীর কয়েকটি সিগন্যালে ভ্রাম্যমাণ আদালত বসায় পুলিশ। কয়েক শ জনকে জরিমানাও করা হয়। কর্মকর্তারা বলছেন, এরপরও পদচারী-সেতু ব্যবহারের প্রবণতা বাড়েনি। যত্রতত্র রাস্তা পারাপারের ফলে দুর্ঘটনা ঘটছে, বাড়ছে যানজট। যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে সড়ক বিভাজকগুলোতে কাঁটাতারের বেড়া বসিয়েও সুফল মিলছে না। যানবাহনের স্রোতের মাঝেই মানুষ রাস্তায় নেমে পড়ছে। কাঁটাতারের বেড়ার ফাঁক গলে রাস্তা পার হচ্ছেন।
ট্রাফিক উত্তর বিভাগের কর্মকর্তারা বলেন, উত্তর ঢাকার মহাখালী, বনানী এবং বিমানবন্দর ক্রসিংয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ রাস্তার ওপর দিয়ে পার হচ্ছেন। প্রতিটি ক্রসিংয়ের ১০০ গজের মধ্যেই পদচারী-সেতু থাকলেও মানুষ সেগুলো ব্যবহার না করে হাত উঁচিয়ে গাড়ি থামিয়ে রাস্তার মাঝ দিয়ে পার হচ্ছেন। এমন অবস্থায় ওই তিনটি জায়গায় পথচারীরা যেন পদচারী-সেতু ব্যবহার করেন, সে জন্য মাইকে বিরামহীন প্রচার চালাচ্ছে পুলিশ। কেউ রাস্তার ওপর দিয়ে পার হতে গেলে তাঁকে আটকে পুলিশ পদচারী-সেতু দেখিয়ে দিচ্ছে। পথচারীদের যত্রতত্র পারাপার বন্ধ করতে রাস্তার পাশে রশি টানিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) প্রবীর কুমার রায় গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিমানবন্দর গোলচত্বরে পদচারী-সেতু ব্যবহারের জন্য অনেক দিন ধরে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। এক সপ্তাহ ধরে কাকলী ও মহাখালীতে মাইক দিয়ে প্রচারণা শুরু হয়েছে। এ ছাড়া রাস্তায় দড়ি দিয়ে আটকে রাখা হচ্ছে, যাতে ব্যস্ত রাস্তায় হুট করে কেউ দৌড় দিতে না পারেন। পরে সিগন্যাল ছাড়লে পুলিশ দড়ি ঢিলা করে দিচ্ছে। এ ছাড়া কেউ ব্যস্ত সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁদের আটকে পদচারী-সেতু ব্যবহারের অনুরোধ জানাচ্ছেন। এভাবে আরও বেশ কিছুদিন প্রচার চালাবে পুলিশ। এরপর প্রয়োজন মনে করলে পদচারী-সেতু ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতও বসানোর পরিকল্পনা রয়েছে।
মহাখালী ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার খোরশেদ আলম বলেন, মহাখালীর পদচারী-সেতুগুলো অব্যবহৃতই থাকছে। নিয়মিত কাজের পাশপাশি পুলিশ সদস্যরা এখানে পদচারী-সেতু ব্যবহারের জন্য মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।