পদচারী-সেতুতে গাছের যত্ন নেই
নগরকে সবুজায়ন ও পথচারীদের সেতু ব্যবহারে উদ্বুদ্ধ করতে দুই সিটি করপোরেশনই পদচারী-সেতুতে নানা ধরনের গাছ লাগিয়েছিল। অনেক সেতুতে গাছ শোভা বৃদ্ধি করলেও কিছু কিছু এর মধ্যেই মরে গেছে। এখন রক্ষণাবেক্ষণের অভাব ও নোংরা আবর্জনায় ভর্তি সেতুগুলো।
গত বছরের শুরুর দিকে দুই সিটিই তাদের পদচারী-সেতু শোভাবর্ধনকারী বাগানবিলাস দিয়ে সজ্জিত করে। সেতুর দুপাশে বাইরের দিকে টব বসিয়ে বাহারি রঙের বাগানবিলাস লাগানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্র জানায়, ডিএনসিসি ৩২টি পদচারী-সেতুতে পর্যায়ক্রমে গাছ লাগায়। কিন্তু সব কটি আগের মতো নেই।
মহাখালী উড়ালসেতুর আগে বিএএফ শাহীন কলেজের সামনের সেতুর গাছগুলো মরে যাওয়ায় কেটে ফেলা হয়েছে। টবগুলোতে নানা আবর্জনা। আসাদগেট, কলেজগেটের পদচারী-সেতুর গাছগুলো সতেজ, ফুলও আছে। কিন্তু মাঝখানেই কয়েকটির ডাল ভাঙা, কিছু শুকিয়ে গেছে। কাকলির সামনের সেতুতে সারা বছরই সরকারি বা রাজনৈতিক দলের বড় বড় ব্যানারে ঢাকা থাকে। ভেতরের গাছগুলোও আড়ালে থেকে যায়। রোদ বা আলো-বাতাস গাছের গায়ে লাগার সুযোগ নেই।
ডিএনসিসির পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল বিভাগের আরবরিকালচার অফিসার জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই প্রকল্প করতে গিয়ে দেখলাম গাছের প্রতি মানুষের ব্যবহার খারাপ। পাতা টেনে ছিঁড়ছে, ডাল ভেঙে ফেলছে, এমনকি মলমূত্র পাওয়া যায় সেখানে।’ তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এর দেখভাল করছে। সিটি করপোরেশনেরও মালী আছে। যেগুলো নষ্ট হয়ে গেছে, তা নতুন করে লাগানো হবে। এ ছাড়া ডিএনসিসির আওতার বাইরে যেসব সেতু আছে তার ব্যাপারেও আলোচনা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৬টি পদচারী-সেতুতে গাছ লাগায়। জাতীয় জাদুঘর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের পদচারী-সেতুটি মাদকসেবী ও ছিন্নমূলদের আড্ডাস্থল। এ সেতুতেও বাগানবিলাস লাগানো হয়। এর মধ্যে কয়েকটি গাছ ভাঙা। এই সেতু ছাড়াও কলাবাগান, ধানমন্ডি ২৭, সোবহানবাগের সেতুগুলোয় গাছ সতেজ দেখালেও টবগুলোয় খাবারের খালি প্যাকেট, সিগারেটের ফিল্টারে ভর্তি।
আসাদ নাম এক পথচারী বলেন, পদচারী-সেতুতে ছিন্নমূল মানুষ ঘুমায়। গাছের প্রতি এদের কোনো যত্ন নেই। এরা টবে মলমূত্র ফেলে পরিবেশ নষ্ট করে।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, কাজ এখনো শেষ হয়নি। বাকি সেতুগুলোর কাজ চলছে। মরে গেলে বা নষ্ট হয়ে গেলে তা ঠিক করা হচ্ছে। তবে তিনি বলেন, এটি এখনো ঠিকাদারের অধীনে দেখভাল হচ্ছে।