পদচারী-সেতুতে বিদ্যুতের খোলা লাইনের তার, ঝুঁকিতে পথচারী
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়ের পদচারী-সেতুতে বিদ্যুতের খোলা লাইনের তারের কারণে পথচারীরা ঝুঁকির মধ্যে রয়েছে। এতে যেকোনো সময় লোহার সেতুটি বিদ্যুতায়িত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় লোকজন ও নরসিংদী সড়ক ও জনপদ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের প্রবেশদ্বার ভেলানগর জেলখানা মোড়। অফিস-আদালতসহ সব সরকারি প্রতিষ্ঠান এর আশপাশে হওয়ায় দিন-রাত সব সময়ই লোকজন চলাচল করে। চলাচলকারী ব্যক্তিদের নিরাপদে মহাসড়ক পারাপারের কথা চিন্তা করে ২০১৩ সালে সওজ একটি পদচারী-সেতু নির্মাণ করে। সেতু নির্মাণের পর থেকেই সেতুর পিলার ও সিঁড়ির নিচে কয়েকজন ভাসমান ব্যবসায়ী ফল, পিঠা, চায়ের দোকানসহ নানা পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। এর মধ্যে টুকু মিয়া, কালাম মিয়া ও আলামিন নামের তিন ফল ব্যবসায়ী কয়েক মাস আগে এসব পসরায় খোলা তার দিয়ে বিদ্যুতের লাইন নিয়েছেন। সম্প্রতি কয়েকটি ঝড়ে (কালবৈশাখী) তারগুলো লোহার তৈরি এই পদচারী-সেতুতে পেঁচিয়ে গেছে। এতে যেকোনো সময় তার ফুটো হয়ে সেতুটি বিদ্যুতায়িত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে গতকাল শনিবার সকালে দেখা গেছে, সেতুর এপার-ওপার দুপাশেই সিঁড়ির নিচে ও সিঁড়ির মুখে ফল, পিঠা ও সিগারেটের দোকানের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা।
পথচারীরা অভিযোগ করেন, সেতুটি হওয়ার পর থেকেই কিছু ভাসমান হকার, ব্যবসায়ী চৌকি ফেলে সেতুর মুখে ফল, পিঠা, চা-সিগারেট বিক্রির দোকান দিয়েছেন। এতে পথচারীরা সেতুটি ও ফুটপাত ব্যবহার করতে বাধার মুখে পড়ছে।
নিয়মিত পদচারী-সেতু ব্যবহারকারী মো. মোরশেদ আলম বলেন, ‘লোহা বিদ্যুৎ পরিবাহী। যেহেতু সেতুটি লোহার তৈরি, তাই আমরা সব সময়ই ঝুঁকির মধ্যে আছি। এই জায়গায় (সেতুর আশপাশ) সব সময় পুলিশ ও প্রশাসনের লোকজন থাকেন। তবু কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’
এ ব্যাপারে ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা ক্ষিপ্ত হন।
নরসিংদী সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের ফুটপাতে বা জায়গায় কোনো দোকানপাট বসতে পারে না। যদি কেউ বসে থাকে, তাহলে তারা অবৈধ প্রক্রিয়ায় বসেছে। আর পদচারী-সেতুতে যদি খোলা তারে বিদ্যুতের লাইন নিয়ে থাকে, তাহলে তা অবশ্যই ঝুঁকিপূর্ণ। বিষয়টি জেলা কার্যালয়কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।