পদচারী-সেতুর দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় পদচারী-সেতুর দাবিতে গতকাল বুধবার গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।
আশুলিয়া থানার পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গত সোমবার বিকেলে বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র সবুজ মিয়া বাইশমাইল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সবুজ মাথা ও বুকে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা গতকাল মহাসড়ক অবরোধ করে বাইশমাইল এলাকায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানান।
পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ শিক্ষার্থী বাইশমাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে পদচারী-সেতু নির্মাণের দাবি জানান। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। তবে পদচারী-সেতু নির্মাণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পদচারী-সেতু নির্মাণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন।
যানবাহনের শ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা দেড় ঘণ্টার অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বাইশমাইল এলাকায় পদচারী সেতু নির্মাণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।