ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মিত একটি পদচারী-সেতু নির্মাণ করা হয় প্রায় দেড় বছর আগে। এরপরও পথচারীরা সেতুটি ব্যবহার করছেন না। তাঁরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের আওতায় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ২০১৫ সালের আগস্টে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। পরে সওজের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়কে সেতুটি দেখভালের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এটি নির্মাণে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয় হয়।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘পথচারীদের সেতু ব্যবহার নিশ্চিত করা আমাদের কাজ নয়। তবু আমাদের বার্ষিক সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।’
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মহাসড়কে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এরপরও পথচারীরা সেতু ব্যবহার না করে মহাসড়ক দিয়ে পারাপার হচ্ছেন। পারাপার করা মানুষের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশুদের দেখা গেছে।
একজন নারী বলেন, ওপর দিয়ে (সেতু) পার হলে সময় বেশি লাগে। এ ছাড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বেশ কষ্ট হয়। তাই সড়কের দুই দিকে যানবাহনের চলাচল দেখে সাবধানতার সঙ্গেই পার হন।
সড়কের পাশের একজন ব্যবসায়ী বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মানুষ ও বিভিন্ন যানবাহনের ভিড় লেগে থাকে। তারপরও বৃদ্ধ-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সেতু ব্যবহার না করে মহাসড়ক পারাপার করেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা বিভিন্ন সময় মাইকিং করে পথচারীদের সেতু ব্যবহার করার জন্য অনুরোধ করি। তবু মানুষ সচেতন হচ্ছেন না। এ ব্যাপারে আইন প্রয়োগ করার সুযোগ নেই। মানুষের সচেতনতা বাড়িয়ে সেতুটি ব্যবহার করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’