পদচারী-সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ট্রেনের ২ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর রেলস্টেশনের পদচারী-সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আন্তনগর নীলসাগর ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৫) নামের একজনের মৃতদেহ আত্রাই রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে সান্তাহার জিআরপি পুলিশ। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে। অপর যাত্রী সাজু মিয়া (২৫) নাটোরের একটি হাসপাতালে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জয়পুরহাটের আজিদপুর গ্রামের বদির উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি দিনাজপুরের বিরামপুরে যান। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিরামপুর স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ট্রেনের ছাদে তাঁরা ঢাকায় ফিরছিলেন। একই ট্রেনে সাজু মিয়াও যাচ্ছিলেন। ভোরে রানীনগর স্টেশনের পদচারী-সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদের ওপরই মারা যান দেলোয়ার। সাজু মিয়া ও অজ্ঞাত ব্যক্তি আহত হন। সকাল সাতটায় ট্রেনটি আত্রাই স্টেশনে থামলে তাঁদের ট্রেনের ছাদ থেকে নামানো হয়।