পদত্যাগ করছেন না রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদত্যাগ করছেন না—সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা জানাচ্ছেন গোলাম মাওলা। ছবি: প্রথম আলো
পদত্যাগ করছেন না—সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা জানাচ্ছেন গোলাম মাওলা। ছবি: প্রথম আলো

সারা দিন পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির পদত্যাগ নিয়ে গুঞ্জন শোনা গেলেও অবশেষে তিনি পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সাংসদ রনি বলেন, ‘কখনো মনে হয়েছে পদত্যাগ করি, কখনো মনে হয়েছে করব না। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাই পদত্যাগ করতে পারি বলে সকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি। কিন্তু আমি মাননীয় স্পিকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। এখন আমি পদত্যাগ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করব।’ সাংবাদিকদের লাঞ্ছিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে গোলাম মাওলা বলেন, ‘আমি কোনো লাথি দিইনি।আত্মরক্ষার খাতিরে যা করেছি, তাতে কোনো অন্যায় করিনি।বাকিটা আমি আদালতে প্রমাণ করব।’ গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করার সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। এরপর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। এ ঘটনার পর রনি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ওঠে।